দুইপাতা পূজা সংখ্যা ২০২৬ , ১২৭তম সংখ্যা




কবিতা পর্ব০১

 

এরকমই হয়

গৌরশংকর বন্দ্যোপাধ্যায়

 

একদিন মনে হয় আমার আর তেমন কিছু করার নেই

আশেপাশের সকলে কেমন ধীর স্থির নির্বোধ জীবন কাটায়

খুব আশ্চর্য হই

মনে হয় সবাই যে যার মত ভালো আছে

 

এক একদিন হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে এসে দাঁড়াই

কেউ কেউ এমন তাকায় যেন দু চোখের সহানুভূতি

এখনই জড়িয়ে দেবে ।

হয়ত খুব আপন ভেবে এমন হেসে তাকাবে

যেন সে আমার পরম প্রিয় হতে পারে

 

এক একদিন কেন যে এরকমই হয় বুঝি না

 

প্রজন্ম তর্পণ ব্রহ্ম সকালে

বিকাশ চন্দ

 

যে কোন আত্ম ইচ্ছে কারো ছুঁতে পারে

আস্ত গিলে খায় অক্ষর শ্বাস অশ্রু

থমকে থাকে অপ্রাকৃত অনুযোগ ছুঁয়ে যায়

কে বোঝে কতটা কার প্রয়োজন কোন জন্মলগ্নে

 

নির্দ্বিধায় কেঁপে ওঠে অনুরতি

থরথর কেঁপে ওঠে অবয়ব ঠোঁট

সংকোচে দাঁড়িয়ে প্রজন্ম তর্পণ ব্রহ্ম সকালে

এসব দিব্যি ভোলা যায় সংসার টানে

একদিকে জয় অন্যদিকে ক্ষয় অনবরত

ঋতুস্রাবী নিয়তি বুক জুড়ে একা

এখনো ফোটে ফুল করজোড়ে প্রণাম যেমনই

 

স্বাভাবিক সব কথা ছিল আছে অবিনশ্বর

পরিচয় প্রত্যাশা জাগতিক ফসল অনুগত

শুধু পড়ে থাকে নষ্ট ইচ্ছে সকল একান্তে

দগ্ধহীন জন্মকুণ্ডলী টানে চোরা স্রোত

কাঁটা তারে শুয়ে একা শরীরী বল্কল

 

অশ্রুকথা

(কবি অনন্ত দাশকে নিবেদিত)

সুধাংশুরঞ্জন সাহা

 

আমার নিজস্ব কোনো নদী নেই

নেই কোনো অরণ্যও

যে আকাশই আঁকতে চাই

ভেসে ওঠে নিবিড় মেঘের বিষণ্নতা

সব রঙেই লেগে যায় স্তব্ধতা

 

নদী ও অরণ্যের মাঝে যে শূন্যতা আছে

সেখানেই কেটে যায় বেলা

আশ্চর্য গোধূলির ইশারা

কিংবা ঝরে পড়া পাতার সন্ত্রাসে

 

ঘুমিয়ে পড়ার আগে

শেষবারের মতো নির্জন পথে পথে

বেজে চলেছে যে অদৃশ্য একতারাটি

তার অশ্রুকথা মেখে নিতে চাই

 

শেষ বসন্তের কবিতা

সুভাষ সরকার

 

বিগত বসন্ত হয়ে এসো না, সুন্দরী। আরেক জন্ম না-হয়

অপেক্ষা করি, পলাশ-স্পর্শে যদি আবারো রক্তিম,

আবারো লাজুক কিশোরী থেকে লজ্জাবতী যুবতী হওয়া...

পুনর্বার জন্ম নিই তবে, আরো একবার ভালোবাসি তোকে

পাগলের মতো।

 

বিষাদ-বিপন্ন হয়ে কোন পাখি, কোন কাক ডেকে ওঠে তিমির হননে?

বরং

এই তীব্র কুয়াশাকালে তোমার কৈশোর হোক আমার শীতের পোশাক।

 

তারপর একটি সাজানো গাড়ি, তার গায়ে খুব বড় করে লেখা 'রাজহংস রথ'।

আর, একটি পাগল বলে,

প্রেমের আঘাতে কেউ কবি হলে, অনেক নিকটে আসে শ্মশানের পথ।

 

তোমার মধ্যে এক

অরবিন্দ সরকার

 

তুমি  কি

তোমার মধ্যে এক অন্তর্মুখী শিশু আছে

উজল ধারায় কেবলই খেলাধুলা করে

সকালবেলায় ফুলে ফুলে ঘুরে বেড়ায়

তোমার মধ্যে এক রঙিন প্রজাপতি আছে

নীরবে ডেকে ডেকে যায়

তোমার ভেতরে আছে এক  অন্তর্গত জ্যোৎস্না

যার স্নিগ্ধ ছায়ায় সবাইকে

টেনে রাখো অতুলন বৈভব মাধুর্যে।

 

মহড়া

নিমাই মাইতি

 

গাছের পাতায় বাতাস ডানা নাচাচ্ছে

অঘ্রাণের শীত দুপুরে রোদ খেয়ে

ঘাসের উপর শুয়ে ঘুমোচ্ছে

পাশে দুটো গঙ্গা ফড়িং ভালোবাসার গল্প বলছে।

 

অতসী নামের মেয়েটি বসে থাকে অতনুর পাশে

ঢেকুরতোলা বিকেলে,

আলরাস্তা ধরে সন্ধ্যা এগিয়ে আসছে

কুয়াশার চাদর গায়ে

দ্বীপজ্বলা রাত্রির আকাশে।

 

ঝিঁঝিঁরা সেরে নিচ্ছে তানপুরার স্বর

অজয় নামের গায়কটির রাতভর জলসা

অতসী অতনুর প্রেমের মহড়া---

 

ঠকিনি

বরুণকুমার চক্রবর্তী

 

এত ঠকেছি জীবনে তাই এখন

 কম ঠকলে ভালো লাগে না।

 হয়তো চালাক হয়ে উঠেছি

তাই কম ঠকায়

তবে ঠকে যাওয়ার অভ্যাস ছাড়ে না আমাকে

না ঠকলে ভালো যায় না দিন।

 

বিচ্ছেদ , দুঃখ, কষ্ট নিজের মধ্যে রাখতে শিখেছি ,

 ছড়িয়ে দিতে হয় আনন্দটুকু,একাকিত্ব এক মধুর অর্জন ,

অপরিচিতের বিষ্ময় মেখে মাতাল হয়ে যাই।

পরন্তপে সময় নষ্ট করে মন খারাপ করি না,

উপচে পড়ছে সর্বংসহা মানুষ।

খেয়াল খুশি মতো হেঁটে বেড়ায়

অবাধ্য অসুখ নিয়মিত শোক।

 

অ্যাসট্রে

বুদ্ধদেব মুখোপাধ্যায

 

যখন নিকটে কেউ নেই

অ্যাসট্রে রয়েছে

যখন নিকটে কেউ নেই

ছড়ানো ছেটানো বইপত্র খাগের কলম

ইত্যাদি রয়েছে

               

যখন নিকটে কোন বন্ধু নেই আড্ডা নেই

তর্ক বা বিতর্ক কিছুই থাকেনা

জীবনটাকে তখন সত্যি নিরামিষ মনে হয়

বন্ধুদের আড্ডার মধ্যে চায়ের প্লেট হাতে

হঠাৎ তোমার উপস্থিত হওয়া মন্দতো হয়না

আসলে এখন ধারেকাছে

একটি টিকটিকির  দর্শন মেলাও ভার!

যখন নিকটে কেউ নেই-----

 

আনন্দ পস্রবণ

খগেশ্বর দাস

 

বিষুপ রেখার সমান্তরাল

কিছুটা আড়াআড়ি অথবা আগুপিছু সরণ থেকে

ছুঁতে পারিনি উড্ডীন স্বাধীন পতাকা

কারাকোরাম সংলগ্ন উচ্চভূমির বাতাস

ধমনীর রক্ত প্রবাহ অনিয়মিত করে ।

 

মনোরম কথায় অন্তর্গত তত্ত্বের বিমোচন কিছুতেই সহ্য করি না

এটুকু অবনমন বাদ দিলে বাদবাকি বিচ্ছুরণ মঞ্জুরিত বাসনার নির্মোহ প্রকাশ ।

 

ধ্যানের আবহে বিশুদ্ধ নির্মাণ প্রতিষ্ঠায় হৃদয়ের আনন্দ প্রকাশ বহুমুখী মুক্ত পস্রবণে ।

 

গল্পের প্লট

জয়ন্ত চট্টোপাধ্যায়

 

কয়েকটি পঙ্‌ক্তির আশায় বকুলের ছায়ার বসি

গাছ হাসে পাতা হাসে, হাওয়া বয় ফুলের গন্ধ যায়

অলিগলি খানিক পেরিয়ে দূর মাঠের অবকাশে।

 

একটা ফেলে যাওয়া ডাবের খোলা, চকোলেট ছাল,

আইসক্রিমের কাপ, সেফটিপিন আর গোলাপি ক্লিপ

অবহেলায় কাঁদে, ফেলে যাওয়া জেল পেন রাগে লাল।

 

একটা গল্পের প্লট সাজানো, কিছু পড়া যায় মোটামুটি,

বাকিটা যেন আমাকেই লিখতে হবে, খানিক ভাবছি,

শ্যেনদৃষ্টিতে খুঁজে নিতে চাই বনাঞ্চল, সমুদ্রে নামছি,

ভিডিয়ো বা কোনো অন্ধআবেগে লেখা চিঠি...

 

তাহলেই একটা গল্প লেখা যাবে। ভবিতব্য সবাই জানে

সেটা কখনোই লিখবো না, অবুঝ মন কি বাধা মানে ?

তাকে আঘাতে জীর্ণ করা কোনো কবির কাজ নয়।

 

 

অনুগল্প

 

খড়কুটোদের গল্প

দীনেশ সরকার

 

বউ-বাচ্চা নিয়ে কালীপদর অভাবের সংসার।  ছেলে কানাই পড়ে থ্রীতে আর মেয়ে ছায়া ওয়ানে। কালিপদ  রাজমিস্ত্রীর যোগাড়ের কাজ করে সপ্তাহান্তে যা মজুরি পায়  বউ ভানুমতি তাই দিয়েই  কষ্টেশিষ্টে সংসার চালিয়ে নেয়। নিরক্ষর কালীপদ আর ভানুমতি  স্বপ্ন দেখে, ছেলে-মেয়েকে অনেক অনেক লেখাপড়া  শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাবে। তখন আর তাদের দুঃখ-কষ্ট থাকবে না। ভানুমতি  প্রতি সপ্তাহে লক্ষ্মীর ভাঁড়ে কিছু-কিছু টাকা-পয়সা জমাতে থাকে।     

 

ভানুমতির সুখের সংসারে অকস্মাৎ অন্ধকার নেমে আসে। আষাঢ় মাস, বর্ষাকাল, পিচ্ছল ভূমি । কালীপদ মাথায় করে ইট বওয়ার সময় পা পিচ্ছলে পড়ে যায় আর ইট সব পড়ে তার কোমরে-পিঠে।  জ্ঞান হারায় কালীপদ। কন্ট্রাকটর কালীপদকে হাসপাতালে ভর্তি করে বাড়িতে খবর পাঠিয়ে  দায়িত্ব সারে। একসপ্তাহ যমে-মানুষে টানাটানির পর কোমরভাঙা কালীপদকে হাসপাতাল ছূটি দেয়। লক্ষ্মীর ভাঁড়ে যে ক’টা টাকা জমেছিলো কালীপদর ওষুধ কিনতেই তা শেষ। নিরক্ষর ভানুমতি ভেবে কূলকিনারা পায় না, কি করে সে এই চারটে প্রাণীকে বাঁচিয়ে রাখবে। ভগবান  অর্থ দিতে না পারলেও গরিবকে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। ভানুমতি মেরুদন্ড সোজা করে উঠে দাঁড়ায়। তাকে বাঁচার লড়াই লড়তে হবে।  শহরে তিন বাড়িতে ঝিয়ের কাজ নেয়। সংসার বাঁচানোর জন্য তার এখন কাজ চাই। পেলে আরও দুটো বাড়ির কাজ নেবে। চারটে প্রাণীর মুখে একবেলা অন্ততঃ ভাত যোগাতে হবে।  

 

দুর্গাপুজো। কানাই আর ছায়া ভানুমতির গলা জড়িয়ে বলে, ‘মা, এবার পুজোয় আমাদের নতুন জামা হবে না?’ ভানুমতির দুচোখ দিয়ে অশ্রু ঝরে। এক কাজের বাড়িতে গিয়ে বলে, ‘বড়বাবু আমাকে ১০০০টাকা ধার দেবেন? বাচ্ছাদের জামা কিনবো। দু-তিন মাসে আমার মাইনে থেকে কেটে নেবেন।‘ বড়বাবু বলেন ,’সবে তো দুমাস কাজ করছিস। কাল যদি কাজে না আসিস্‌ তখন কে আমার টাকা ফেরৎ দেবে? না বাপু আমি দিতে পারবো না।‘ দ্বিতীয় বাড়িতে গিন্নিমার কাছে ধার চাইতে তারও একই উত্তর। তৃতীয় বাড়িতে বৌদিমণির কাছে ধার চাইতে তার দয়া হয়, সে ভানুমতিকে ১০০০টাকা ধার দেয়। ভানুমতি জামা-জুতো কিনে ছেলেমেয়েদের হাতে তুলে দেয়। তখন তাদের খুশি আর ধরে না। মন্ডপে মায়ের বোধনের ঢাক বেজে ওঠে।    

 

আসা যাওয়ার পথ

নীলেশ লায়েক

 

এবড়ো খেবড়ো রাস্তা। রাস্তা নয়, পায়ে চলা পথ। দুধারে শুকনো কাশ ঝোপ। ধুলোয় লাল। দুখানা এসিউভি আগে পিছে, ল্যাগব্যাগ করতে করতে যাচ্ছে, ধুলো উড়িয়ে। গাড়িদুটো সাদাই ছিল, এখন লাল ধুলোয় ঢাকা।

ধুলো পথের শেষে পাথর, বালি। একহাঁটু জলের তিরতিরে স্রোত। নদী। ওপারে উঁচু পাড়, শালবন। বনের ভিতর দিয়ে হাঁটাপথ। গাড়ি এটুকুই যাবে। আর রাস্তা নেই।

গাড়ি থেকে নামছে একে একে টোটাল স্টেশন, ট্রাইপড, সার্ভের যন্ত্রপাতি। একটা টীম এখানে টোপোগ্রাফিক সার্ভের কাজ করবে। অন্য গাড়িটা ফিরে যাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ম্যাডামকে নিয়ে হেডঅফিসে। ম্যাডাম বেরিয়েছেন রেকনোসেন্স ভিজিটে, আরো কিছু সাইট দেখার কথা আজ। সবই দূরে দূরে, প্রত্যন্ত গ্রামের ভেতর। কোথাও রাস্তা, কোথাও কালভার্ট। এখানে, কুসুমজুড়ি নদীর ওপর ব্রিজ হবে, টু লেন, নদীর ওপারের ছখানা গ্রাম সদর শহরে যাবার রাস্তা পাবে। ওনার অনেক দিনের পরিশ্রমের ফসল এই প্রজেক্ট। ডি পি আর বানানো থেকে যাবতীয় সরকারি অ্যাপ্রুভাল পার করে শেষ পর্যন্ত কাগজের প্রজেক্ট জমি ছুঁতে চলেছে।

ম্যাডাম গাড়ি থেকে নেমে বালির ওপর দাঁড়িয়েছেন। পরনে সালোয়ার সুট, তার ওপর ফ্লুরোসেন্ট জ্যাকেট। পায়ে ভারী জুতো। হাতের স্মার্টফোনে পটাপট ছবি উঠছে চারিদিকের। জল, বালি, শালবন। পায়ে পায়ে জলের কাছে। জুতো ছুঁয়ে যাচ্ছে জল।

"ম্যাডাম, সামলে।"

ম্যাডাম পাত্তা দিচ্ছেন না। এক লাফে উঠে পড়েছেন একটা পাথরের ওপর। টুক করে আরেক লাফ। আরেকটা পাথর। চোখ জলের নিচে। নুড়ি, শ্যাওলা, ছোট মাছের ঝাঁক। আরেক লাফ, আবার, মাঝনদী... "অ্যাই!"

একেবারে মুখোমুখি, " কে রে তুই? "

দুজনেরই মন ছিল পায়ের নিচে পাথরে, দূরে চোখ ছিল না। এখন মুখোমুখি দুই পাথরে দুজন, ম্যাডাম আর মেয়েটা। স্কুলড্রেস হাঁটু অব্দি গোটানো, নদী পেরিয়ে আসছিলো পাথর ডিঙিয়ে ডিঙিয়ে। এক হাতে চটি, আরেক হাতে প্লাস্টিকের ঝোলায় বইখাতা। "কোথায় ঘর?" "কুসমাডি"। "ইস্কুল?" "হুঁ।" "কোথায়?" "হুই..." মেয়েটা ঝুপ করে জলে নেমে হেঁটে চলে গেলো।

"ম্যাডাম, ফিরতে হবে।"

গাড়ি ফিরে যাচ্ছে। সামনের সিটে অতসী ম্যাডাম সিটবেল্ট দিয়ে বাঁধা। চোখ বন্ধ। অথচ স্পষ্ট দেখছেন সবকিছু। কিশোরী অতসী, কুসমাজোড়ের

এক কোমর জল পেরিয়ে বাড়ি ফিরছে, স্কুলের বইখাতা মাথার ওপর উঁচু করে তুলে ধরা।

 

মীন দ্বীপের রহস্য

আবু রাইহান

 

মীন দ্বীপের বাতাসে সবসময়ই এক ধরনের নোনা সুর ভেসে বেড়ায়-যেন সাগরের ঢেউ আর মানুষের

হৃদয়ের গোপন কথা মিলে তৈরি করেছে এক অদৃশ্য সংগীত। সেই দ্বীপের মানুষরা বলে, এখানে প্রতিটি

ঢেউয়ের নিচে একটা করে গল্প থাকে, আর জোয়ারে-ভাটায় সেগুলো উপকূলে এসে পড়ে স্বপ্নের মতো।

একদিন, সেই উপকূলে এসে পৌঁছাল বরুণা। সে শহরের ব্যস্ত জীবন থেকে পালিয়ে এসেছিল। মনে ছিল

একরাশ ক্লান্তি, আর একটু শান্তির খোঁজ। দ্বীপে পা রাখতেই তার মনে হল-এ জায়গাটা যেন তাকে

চিনতে পারে।‘বুকের ভেতর নোনা ব্যথা/চোখে আমার ঝরে কথা/এপার ওপার তোলপাড় একা’- ঠোঁট ছুঁয়ে

গেল হালকা হাওয়া, আর বরুণা দেখল-দূরে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে এক মানুষ, বালুকাবেলায়

আঁকছে অদ্ভুত সব চিত্র।

মানুষটির নাম শঙ্কর। দ্বীপের লোকেরা বলে, সে নাকি সমুদ্রের সন্তান-জন্মের সময় তার চোখে লোনা

জলের দাগ দেখা গিয়েছিল। শঙ্করের আঁকা ছবিগুলো কখনো স্থির থাকত না; জোয়ার এলে সেগুলো

ঢেউয়ের রঙে বদলে যেত, আবার ভাটা নামলে ফিরে আসত অন্য রূপে। বরুণা সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে

গেল। ‘মেঘের ওপর আকাশ ওড়ে/…মন চলে যায় অদূর দূরে’ ।

সন্ধ্যার ঠিক আগে, লালচে আকাশের নিচে বরুণা শঙ্করকে প্রশ্ন করল,“তোমার ছবিগুলো কেন বদলে

যায়?”

শঙ্কর মৃদু হাসল। “মীন দ্বীপে কিছুই স্থির থাকে না। যে ভালোবাসে, তার হৃদয়ও বদলায়, কিন্তু তাতে

সৌন্দর্য কমে না। বরং সব রূপ মিলেই একটা সম্পূর্ণতা তৈরি হয়।”

কথাগুলো শুনে বরুণার মনে অদ্ভুত একটা সাড়া জাগল। সে বুঝল না-শঙ্কর কি তাকে দেখে বলল, নাকি

এ দ্বীপের নিয়মই এমন।

দিন কেটে যেতে লাগল। বরুণা প্রতিদিন শঙ্করের পাশে গিয়ে বসত, কখনো কথা হতো, কখনো শুধু

ঢেউয়ের শব্দ শুনত। ধীরে ধীরে তারা দু’জনেই টের পেল-কোনো এক অদৃশ্য সুতো যেন তাদের টেনে নিয়ে

যাচ্ছে একে অপরের দিকে।

একদিন গভীর রাতে বরুণা ঘুম ভেঙে দেখল, জানালার বাইরে সমুদ্র অস্বাভাবিক আলো ছড়াচ্ছে। সে

বাইরে বেরিয়ে দেখে-শঙ্কর দাঁড়িয়ে আছে জলের ওপর, ঠিক যেন ঢেউ তাকে তুলে ধরে রেখেছে। বরুণা

বিস্ময়ে বলল, “তুমি… তুমি তো জলের ওপরে!”

শঙ্করের চোখে তখন ঢেউয়ের নীল, গাঢ় আর দীপ্তি।“মীন দ্বীপ আমাকে নিজের রক্তের মতো চেনে,”

সে বলল- “কিন্তু আজ রাতে সমুদ্র তোমাকেও ডাকছে।”

 

তার হাত বাড়িয়ে দিল শঙ্কর। বরুণা কি রাখবে সেই হাত? অজানা ভয়, অজানা টান-দুটোই তাকে জড়াতে

লাগল। শেষমেশ সে হাতটা ধরল। মুহূর্তেই অনুভব করল-তার পায়ের নিচে জলের কোমল কাঁপুনি, কিন্তু

সে ডুবছে না। বরং সমুদ্র তাকে তুলে নিয়েছে নিজের আঁচলে।

শঙ্কর মৃদুস্বরে বলল, “যে ভালোবাসা মানুষকে বদলে দেয়, সেটাই সত্যিকারের জাদু।”

সেই রাতে সমুদ্রের বুকে ভেসে দু’জন নাচল-ঢেউয়ের তাল, চাঁদের আলো আর বাতাসের ঘ্রাণে ভরা এক

নীরব নৃত্য। সকালে যখন সূর্যের প্রথম আলো পড়ল, তারা দু’জন আবার উপকূলে ফিরে এল, যেন

কিছুই ঘটেনি। কিন্তু বরুণা বুঝতে পারে, তার নিজের ভেতরে অনেক কিছু বদলে গেছে-আগের সে আর

নেই।

দ্বীপের লোকেরা পরে গল্প করত-সেই রাতের সমুদ্রে নাকি দু’টি আলোকরেখা ভেসে বেড়াচ্ছিল, যেন

তারা ভালোবাসার পথ দেখাচ্ছে। আর বরুণা ও শঙ্কর? তারা মীন দ্বীপেরই অংশ হয়ে গেল-যেখানে

ভালোবাসা জাদুবাস্তব, আর জাদু আবার সাগরের মতো অসীম।

 

অষ্টমীর শিউলি

মতিলাল দাস

 

আট বছর আগের অষ্টমীর সকালটা ঋতুর আজও মনে আছে। লাল পাড় সাদা শাড়ি, হাতে অঞ্জলির ফুল, আর পাড়ার পুজোমণ্ডপে ঢাকের শব্দ। ভিড়ের ভেতর থেকে কে যেন তার হাতের ফুলগুলো নিজের হাতে তুলে নিয়েছিল। চোখ তুলে দেখেছিল অনির্বাণকে। হাসিমুখ, চুলে একটু জল, গায়ে ধোয়া পাঞ্জাবির গন্ধ। সেই শুরু। নবমীর রাতে ওরা পাশাপাশি বসে ধুনুচি নাচ দেখল। দশমীর সিঁদুর খেলায় ঋতু দূর থেকে তাকিয়ে রইল, কাছে যাওয়ার সাহস ছিল না। অনির্বাণ ভিড় ঠেলে এসে বলল, "আমার গালে একটু লাগিয়ে দেবে?" ঋতু লাল হয়ে গিয়েছিল সিঁদুরের আগেই। তারপর বছর ঘুরতে না ঘুরতেই অনির্বাণের চাকরি হল দিল্লিতে, ঋতুর বাবা বদলি হলেন উত্তরবঙ্গে। চিঠি আসত কিছুদিন, তারপর ফোন, তারপর শুধু শুভেচ্ছা। ঠিকানা বদলাল, নম্বর বদলাল। প্রতি পুজোয় ঋতু শিউলির মালা গেঁথে ঠাকুরের পায়ে রাখত, আর মনে মনে একটাই কথা বলত, ভালো থাকুক ও। এ বছর কলকাতায় ফিরেছে সে, মায়ের কাছে। অষ্টমীর সকালে সেই পুরনো মণ্ডপে গিয়ে দাঁড়াল। ঢাকের শব্দ একই রকম। শুধু চারপাশের মুখগুলো অচেনা, আর বুকের ভেতরটা কেমন ফাঁকা। অঞ্জলির ফুল হাতে নিয়ে চোখ বুজল সে। মন্ত্র শেষ হতেই পাশ থেকে একটা চেনা গলা, "ফুলগুলো তো আবার পড়ে যাচ্ছে।" ঋতু তাকাল না। তাকালে যদি স্বপ্ন ভেঙে যায়। কিন্তু একটা হাত এসে তার হাতের ফুল ধরে ফেলল, ঠিক আট বছর আগের মতো। চোখ খুলতেই দেখল অনির্বাণ। চুলে একটু পাক ধরেছে, চোখের নিচে ক্লান্তি, তবু হাসিটা একই। "প্রতি বছর এসেছি," অনির্বাণ বলল। "প্রতি বছর ভেবেছি, এবার হয়তো তুমি আসবে।"

ঋতুর চোখ ভিজে গেল। এতগুলো বছরের অভিমান, অপেক্ষা, রাতজাগা দীর্ঘশ্বাস, সব যেন ওই এক মুহূর্তে গলে গেল। সে কিছু বলতে পারল না। শুধু হাতটা ছাড়ল না। সন্ধিপুজোর শঙ্খ বেজে উঠল। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ঠাকুরের দিকে তাকাল। মা দুর্গার চোখে যেন একটু হাসি, যেন তিনি জানতেন, এই দেখা হওয়ার জন্যই এত দেরি। সেদিন বিকেলে শিউলিতলায় বসে অনির্বাণ ঋতুর খোঁপায় একটা ফুল গুঁজে দিল। ঋতু বলল, "এবার আর যেও না।"

"যাব না," সে বলল। "পুজো তো আবার আসবে, তুমি পাশে থাকলেই হল।"

 

শেষ রিপ্লাই

সানাই

 

গত সপ্তাহে হাওড়া স্টেশনে ট্রেন ধরে যাচ্ছিলাম গুজরাট। হঠাৎ দেখা হয়ে গেল ছোটবেলার বন্ধু

নরেনের সাথে। প্রথম দেখাতেই চিনতে পারলেও, কথা বলার সাহস হচ্ছিল না ঠিক। সেই দ্বাদশ

শ্রেণীতে পড়ার সময় ওর সাথে আমার শেষ দেখা, আর এখন দাড়ি-গোঁফ গজিয়ে পুরো পুরুষ মানুষ

হয়ে উঠেছে।

অনেকক্ষন তাকিয়ে থেকে অবশেষে কথা বললাম, “কিরে নরেন না, কেমন আছিস?” নরেন বেশ

হতচকিত হয়েই বলে বসলো, “আপনি কে তা ঠিক বুঝলামনা!"

আমি আমার পরিচয় দেওয়া সত্ত্বেও দেখলাম কেমন যেনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে

ও বুঝেও বুঝতে চাইছিলনা। আর যে মানুষ বুঝেও বুঝতে চাইনা কোনোকিছু, তাকে বোঝানোর সাধ্য এ

দুনিয়াতে কারোও নেই।

খানিকক্ষণ পর দেখলাম টি.টি.ই. এসে বললেন, “নরেন বসু, সিট নং ৩৭”, তখন আরোও ভালোভাবেই

বুঝে গেলাম ও আমার সেই ছেলেবেলার হারিয়ে যাওয়া বন্ধু নরেন। আজ থেকে বছর কুড়ি আগে যার

সঙ্গে প্রতিদিন স্কুল-টিউশন্‌ যেতাম, যার সঙ্গে টিফিন ভাগ করে খেতাম, যে কিনা আমাকে

ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল।

একদিন হঠাৎ দেখলাম কোনো মেসেজ-ফোন না করেই অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে।

তারপর থেকে হাজারও ফোন-মেসেজ করে গেছি, একটা বছর তো পড়াশোনা না করে শুধুই নরেনের

রিপ্লাই -এর অপেক্ষায় থেকেছি, ড্রপ দিয়েছি নিজের উচ্চ-মাধ্যমিক পরীক্ষা, তবুও শেষ রিপ্লাই

আসেনি। রাতের পর রাত না ঘুমিয়ে মোবাইলের দিকে তাকিয়ে থেকেছি তবুও শেষ রিপ্লাই আসেনি।

একদিন হঠাৎ টিউশন্‌ মাষ্টারদের কাছে নরেনের বাড়ির ঠিকানা নিয়ে পৌঁছে গেছিলাম নরেনের বাড়ি।

সেখানে পৌঁছে জানতে পারি, ওরা ওখানে ভাড়াতে থাকতো নরেনের পড়াশোনার জন্যই। গত মাসে

নরেনের উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ওরা অন্য জায়গায় চলে গেছে, সেই ঠিকানা

এখানের কাউকেই বলে যায়নি। বেশ অবাক হয়েছিলাম আর একবুক হতাশা নিয়ে বাড়ি ফিরেছিলাম

সেদিন।

তারপর থেকে হন্যে হয়ে খুঁজে গেছি নরেনকে, কিন্তু কোনো সদুত্তর পাইনি। আমার কাছে আজও

অজানা নরেনের সেদিনের দূরে সরে যাওয়ার কারন, কোনো যোগাযোগ না রাখার কারন। আজ এতদিন

পর নরেনকে দেখে বেশ আনন্দ হচ্ছিলো নিজের মনের মধ্যে, ভেবেছিলাম আজ হয়তো সেদিনের না

বলা রিপ্লাইগুলো পাবো। আজ যখন নরেনকে নিজের পরিচয় দিলাম তখন তো ওর একটিবার কথা

বলা উচিৎ ছিল, নিজের বন্ধু অথবা প্রেমিকা না ভেবে ও তো চেনা-পরিচিত কোনো মানুষ ভেবেও

কথা বলতে পারত।

না, আজ আর সেদিনের মত আঘাত পাইনি। আজ বুঝেছি যার থাকার নয় সে হাজার চেষ্টা করেও

থাকবেনা, আর যার থাকার সে হাজার অপমান-অসম্মানের পরও থেকে যাবে, মানিয়ে নেবে। প্রতিদিন

 

কত সম্পর্কই না ভেঙ্গে যাচ্ছে, কোনোটা মিমাংসার পরে, কোনটা বা কোনোপ্রকার কথাবার্তা

ছাড়াই।

সেদিন খুব কষ্ট পেয়েছিলাম নরেনের ওভাবে কোনো সদুত্তর-আলাপচারিতা ছাড়াই ছেড়ে যাওয়াতে,

আর আজ সবচেয়ে কষ্ট পাই যখন দেখি, কোনো মা তার সন্তান কে ফেলে দিচ্ছে, কোন সন্তান তার

বাবা-মা দের বৃদ্ধাশ্রম পাঠাচ্ছে তাদের গোপনে, কুড়ি-ত্রিশ বছরের স্বামী-স্ত্রী-র ভরা সংসারে

ভাঙন ধরছে, যারা নিজেদের প্রিয় বন্ধু বলে ভাবতো তারা আলাদা হয়ে যাচ্ছে ছোটো ছোটো কারনে।

আজ বুঝতে পারি শেষ রিপ্লাই-এর অপেক্ষায় কত সহস্র মানুষ বেঁচে আছেন।

 

বাজে খরচ

পুষ্প সাঁতরা

 

'এই যে ভৈরব বাবু- জানালা গলে সূয্যি ঠাকুর বিছানায় গড়াগড়ি যাচ্ছে-- তা বাবুর
কখন ওঠা হবে? অথচ আমি সেই ভোর চারটাতে
  উঠে, বাসি পাট সেরে ফেলেছি আর বেআক্কেলে লোকটা এখনও! লজ্জার মাথা
খেয়েছে '।মালতী এতক্ষন নিজেই বকবক করে যাচ্ছিল-
  সাড়া না পেয়ে জোরে কনুয়ের  রামধাক্কা দিতেই ভৈরব বাবু ধড়মড়িয়ে উঠে বলে,'বাড়িতে কি আগুন লেগেছে? কাঁচা ঘুমটা ভেঙে গেল'।হাই তুলে
চোখ রগড়িয়ে 'উঃ যা একটা স্বপ্ন দেখলাম না! আমার লাগানো থাইল্যান্ড কাঁঠাল গাছে
কাঁঠাল পেকে ভু ভু গন্ধ বেরোচ্ছে,আমি তার
পেটের ভেতর থেকে সাদা সাদা কোয়া যখনই মুখে তুলতে যাব,'ওমনি তোমার সুমধুর--'।'নিকুচি করেছে তোমার স্বপ্নের চা খেয়ে বাজার ----বুঝেছো!'
বাজারের গলির মুখে ঢুকতেই ভৈরব বাবু দেখে,নধর ফুলকফি সাদা দাঁত বের করে হাসছে,চকচকে বেগুন ফেসিয়াল করেছে,
আহ্ ভাজা পোড়ার কি স্বাদ! ভাজায় তেল খায় এই যা---। ঝাঁঝরি ধনেপাতা বলে,'আমি কি ফেলনা! আমায় একটু জায়গা দাও বাবু ব্যাগেতে বসি',দোকানদার
হাঁকছে-- সস্তার সবজি বাসি নয় টাটকা টমেটো কড়াইতে দিলেই গলে নরম! একটু
টপকালেই তো মাছের গলি,যুবতী ইলিশ, পেটে ডিম! পরে এসে নেবে।মনে মনে বলে,
'আগে চারা দোকানে তো ঢুকি,দোকানদার বলছিল,'কেরলের নারকেল চারা এসেছে দুবছরেই ফলন! খাওয়ার জন্য নয় শুধু শখ
আর ইচ্ছা পরিবেশ যেন সবুজ থাকে! দু'শ
টাকা দিয়ে চারাগাছ ব্যাগস্থ করে।বাজারের মোড় ঘুরতেই ভৈরব বাবু দেখে,খাঁচা বন্দী টিয়া,কড়কড়ে চারশ টাকা দিয়ে কিনে,খোলা আকাশে উড়িয়ে দেয়,হাততালি
দিয়ে বলে,'যা---- পাখি বনেই চলে যা--
পাখি দোকানি বলে,'বাবু আপনি কি পাগল!
এত গুলো টাকা বাজে খরচ করলেন? 'স্বাধীনতার কি আনন্দ
  আমিই বুঝি'।
এবার ভৈরববাবু মানি ব্যাগ হাতড়িয়ে দেখে নিরীহ দু'শ টাকা! ঘড়ি চোখ রাঙাচ্ছে! মালতী কে কিভাবে দেখবো ! ধ্যাত তেরি !
সবজি মাছ কিছুই তো কেনা হয় নি,শাক সস্তা দুআঁটি
  নিলাম কচু- থোড়- কলা- মাছের দিকে যাব,যুবতী ইলিশ! এ টাকায় আর ইলিশ! ভৈরব বাবু নিজের গালে থাপ্পড়
দিয়ে বলে,'খালি বাজে খরচ! গাছ গাছ করে পাগল! অসুস্থ বিড়াল কুকুর দেখলে
সেবা করে সুস্থ করি! কি করব--
  দেখে যে থাকতে পারি না-- জয় মা মালতী! থুড়ি মালতী গো আমার বাজে খরচের দোষ ধরো
না!
     বাড়ির সামনে গিয়ে দেখি,মালতী পায়চারী করছে,বুকটা দড়াম দড়াম,বৌকে
কে না ভয় পায়! টি এন সেশন ও ভয় পেত
আমি কোন ছার! কাচুমাচু মুখে মালতীকে
ব্যাগটা দিতেই,
   'ওমনি রাবণ হুঁকারে বলে উঠে -- 'এই তোমার নটা আমি রাঁধব কখন?
এই তোমার বাজার! ' মিনমিন করে ভৈরব
বলে','কি করব গাছ দেখলে কিনে ফেলি ,পাখি দেখলে উড়িয়ে দিই,আম্রপালী
গাছটা যে কাল থাকত না--- তাই !'কিনে আমাকে
উদ্ধার করেছো এখন কি দিয়ে ভাত গিলবে?'জানো মালতী পাখি গুলো কেমন ছটপট করছিল তাই,---'তাই বাজে খরচ
  করে  সংসারের খরচা বাঁচিয়েছো? ' মালতী
আমার মনের সুখটা বুঝলে না! তেল নুন কেনাতে আনন্দ পাই না ,বাজে খরচেই আমার তৃপ্তি!

 

নিষ্পত্তি

কৃপাণ মৈত্র

 

বৃদ্ধাটি প্রতিদিনের মতো এক আঁচলা ফুল আমার হাতে দিয়ে বলে, আজ বাবা, কিন্তু একটা বিবাদের নিষ্পত্তি করে দিতে হবে।

        আমাদের দেশে কোটি কোটি বৃদ্ধার মতো এর ভবিতব্য। পরণে অন্তর্বাসহীন মলিন শাড়ি।বসে যাওয়া গাল,কোটরাগত দুটি চোখ।পা এ জুতোর বালাই নেই। হাতে গলায় অলংকারের বাহুল্য থাকার কথা নয়।

       আমি ফুলগুলো নাকে শুঁকে টেবিলের উপরে রেখে দিলাম।ড্রয়ার খুলে পাঁচ টাকা বুড়ির হাতে দিতে বুড়ি বলে, পেটের দায়ে নিতে হয় ।নইলে এর আবার দাম। ঘোষ ডাক্তারের বাগানের বেড়া টপকে ফুলগুলো উঁকি মারে। আমি তুলি। একদিন ডাক্তার বৌ আমাকে দেখে ফেলল, মুচকি  হাসলো কিন্তু কিছু বলল না। মাগনা পাওয়া ফুলের আবার দাম! কিন্তু কী করি বাবা এখন যে আর গতরে কুলোয় না। তুমি দয়া করে দাও। একটু চাল কিনি। একবেলা হয়ে যায়।তবে আজ টাকা নেব না।

   আমি আবাক হয়ে বললাম ,না নিলে চলবে কেন। এখন বুঝি ছেলেটা টাকা পয়সা দিচ্ছে?।

      বুড়ি কপাল চাপড়ে বলে, হায় আমার কপাল! সে দুর্দিন যেন না আসে।

    আমি অবাক হয়ে বললাম, দুর্দিন বলছ কেন?      বুড়ির  বসে যাওয়া চোখ দুটো জলে ভিজে উঠেছে।

     বুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে,ওর বাপটা তাড়ি খেয়ে তাল গাছ থেকে ঝাঁপ দিল। তখন  আমার কতই বা বয়স। সাত বোনের শেষ দায়।কপাল সাদা হয়ে গেল।ও তখন এট্টুনি। চেয়ে মেগে ওকে মানুষ করলাম। একটু  পড়াশোনা করল। মাঝপথে ছেড়ে দিয়ে ইয়ার -বক্সীদের সঙ্গে গুজরাট গেল।কী যেন কাজ করতো ও সেখানে। পালিয়ে এলো।বাবুর বোধহয় খাটুনি সহ্য হয়নি  । একদিন বৌ এনে হাজির হলো।একায় জোটে না উপত্তি! নিত্য অশান্তি ।ওর শ্বশুর গ্যারাজে একটা কাজ জুটিয়ে দিল ওকে। বুড়িকে ওদের বোঝা মনে হলো।ওরা ঘর ভাড়া  নিয়ে চলে গেল। সেদিন কি হল জানো বাবা ,ওর ছেলেটা এলো ,ছেলেটা কি সুন্দর দেখতে! এসেছিল খেলতে। ও তো আমায় চেনে না। ওর হাতে অনেকগুলো কুশি আম। ঘোষবাবুদের বাগান থেকে কুড়িয়েছে বোধহয়।বলে কিনা ,একটু নুন দাও না ঠাক্ মা ,কুশি আম খাব ।আমি ওকে কোলে জড়িয়ে ধরে কত আদর করলাম ।এমন সময় কোথা থেকে লক্ষীছাড়ি ওর মা এসে মেরে ধরে ওকে নিয়ে গেল ।

    বুড়ি ছেঁড়া শাড়ির খুঁট দিয়ে চোখের জল মুছে বলে, আমার কি কোনো অধিকার নেই। ও তো আমার ছেলের ছেলে না কী।এ্যাঁ। আমি দুটো কথা শুনিয়ে দিলাম। ও আমাকে তেড়ে মারতে এলো। মেলা লোক জমেগেল বলে সে যাত্রায় রক্ষা পেলাম। আমার কি ভুল হয়েছে?তুমি যযিয়তি করো।একটা কিছু করতে পারো না?

   আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, অন্তর সাড়া না দিলে আইনে কি কিছু হয়।

  বুড়ি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে ,কোন দিন যদি অন্তর সাড়া না দেয় ,তাহলে ? 

    আমি বললাম, ঈশ্বর করুণাময় ।

    বুড়ি বলে, বিশ্বাস করি না ।ঈশ্বর অন্ধ।

 

অনুগদ্য

কালের চক্রে নারীর অবস্থান

বনশ্রী রায় দাস

    

আমার চোখে প্রকৃত নারী বলতে যার মুখ চেতন কিংবা অবচেতনে আমার সর্বংসহা হয়ে থাকেন তিনি আমার মা ।সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যাঁর ছোঁয়ায় অনায়াসেই পেরোতে পারি সমগ্র বিপদ সংকুল পথ, চড়াই উতরাই ।সমগ্র মানব জাতির অনন্ত শান্তির আশ্রয় নারী যুগে যুগে তার বহু চিহ্ন পাই। সর্বোপরি একজন নারী নিজেকে সহস্রাধিক ভেঙে ভাবি কালের হাতে তুলে দিতে পারেন যোগ্য উত্তরসূরি । নারী জাতি যদি শক্তি হিসেবে হাতে হাত মিলিয়ে পুরুষের পাশে না থাকতেন তবে বর্তমান সমাজে এই অগ্রগতি সম্ভব হতো না কোনোভবেই।কালের গতির অভিমুখে থেকে আহ্নিক ও বার্ষিক গতির প্রত্যাবর্তন ঘটেছে ব্যক্তির স্বাতেন্ত্র্যর পক্ষে।সামগ্রিক হতাশার কালো ছায়া উত্তীর্ণ করে নারী হয়েছেন মাতৃরূপা ,

সমাদৃতা ।

রাজারামমোহন রায় , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ,স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন দেশের উন্নতির জন্য কেবলমাত্র পুরুষ সমাজ যথেষ্ট নয় অপরিহার্য নারী শক্তি ও । সাধারণ ঘরের চাঁদ তখন তৃতীয়ায় বিরাজমান । কিছু কিছু সহানুভূতিশীল দরজা ঠেলে ঢুকে পড়ল মেধাবী চন্দ্রিমার চেতনা চৈতন্য । মানবতাবাদী মুক্ত দর্শনের

আলোয় আলোকিত হৃদয়ে এগিয়ে এলেন ঈশ্বরচন্দ্র

ঈশ্বর স্বরূপ অন্ধ নারীর দু নয়নে জ্বেলে দিলেন অক্ষরের জ্ঞানদীপ। বিগলিত করুণার আলো

প্রতিফলিত হলো স্ত্রী জাতির দুরবস্থার উপর।

সেকালে নারীর অবস্থান ছিল পর্দার অন্তরালে ।তাঁদের মুক্ত করতে হলে প্রথম পদক্ষেপ

হবে নারী শিক্ষা তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৮৫৬থেকে১৮৫৮ চার জেলায় মোট ৩৫ টি

বালিকা বিদ্যালয় স্থাপন করলেন । স্বামী

বিবেকানন্দ বলেছেন "জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই , একপক্ষে পক্ষীর

উত্থান সম্ভব নহে"

রবীন্দ্রনাথ বলেছেন "নারীর আপন ভাগ্য জয়

করিবার কেন নাহি দিবে অধিকার "। শিক্ষার আলো না জ্বালাতে পারলে সে চোখ থাকতে অন্ধই হয়ে থাকে ।যে জাতির এক অংশ অন্ধ

কুসংস্কারাচ্ছন্ন তাদের মুক্তি কখনো সম্ভব নয়।

আমাদের ভারতবর্ষে একদিন স্বামীহারা নারীকে

পুড়ে মরতে হতো স্বামীর চিতায় অনিচ্ছা সত্যে।

কুলীন ব্রাহ্মণ তাঁর মৃত্যু পর্যন্ত বিবাহ করতেন

অসংখ্য বার। বিধবাদের নানা ভাবে অত্যাচারিত , লাঞ্ছিত হতে হতো।সমাজের যত সমস্ত কুসংস্কার বিধিনিষেধ আরোপিত ছিল সমস্ত অসহায় নারীর

ওপর।পুরুষতান্ত্রিকতা ভয়ঙ্কর দূর্বিসহ করে

রেখেছিল নারীর জীবন ।

বিগত শতাব্দী অর্থাৎ বিশ-শতকে ভারতীয় নারীর জীবনে হলো আমূল পরিবর্তন ।অনুকূল আর প্রতিকূল স্রোত- প্রতিস্রোতের মধ্য দিয়ে নারীদের তথা সমগ্র মানুষের আত্মনির্মাণ ঘটলো।বিশ শতকের গোড়ার দিকে ও সমস্ত শিক্ষিত বাড়ির মেয়েরা যেতে পারতেন না স্কুল পর্যন্ত বাড়িতে থেকে অবশ্য কিছু মহিলা লেখা পড়া করতেন এই নিজের স্বাক্ষর করা বেশি হলে বই পড়া , চিঠি লেখা এই পর্যন্ত ।অধিকাংশ ক্ষেত্রে বারো চৌদ্দ বছর বয়সে বিবাহ দিতে হতো মেয়েদের। প্রথম বিশ্বযুদ্ধের পর অন্তঃপুরে বাজলো সামান্য ঢেউ।এতো প্রতিবন্ধকতার মধ্যেও নারী বহুধা ভাবে তাঁদের কৃত্তিত্বের পরিচয় দিয়েছেন । ইংরাজ সৈন্যদের সঙ্গে যুদ্ধে নামতে পিছপা হননি ঝাঁসির রানী লক্ষীবাই।এতো ঘেরাটোপের পিচ্ছিলতা ঝেড়ে গীতিকবিতা উপন্যাস নাটক প্রবন্ধ লিখেছেন গীরিন্দ্র মোহিনী, কামিনী রায়, মানকুমারী প্রিয়ম্বদা দেবী।পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা নিয়েছেন প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরা আরও অনেক মহিয়সী।

বিশ শতকের চতুর্থ দশকে ঘটলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিস্ফোরণ।মেয়েদের জীবনে ও আনলো ভাঙচুর ,প্রচন্ড গতিতে ধাবিত নদীর মতো গতি পরিবর্তন করল। তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল মানবিক মূল্যবোধের অপসারণ । ঘুরে গেল নারী-অগ্রগতির চাকা ।চলার পথে নুড়ি পাথর ভেঙে শ্যাওলা কেটে কেটে এগিয়ে চললো খুলে ফেলল ভালো মেয়ে সেজে থাকার ওড়না, পেঁচিয়ে দিল উড়ান ডানায় । পরিবারের বোঝা হয়ে না থেকে পুরুষের সঙ্গে সমানভাবে কাজে যোগদান করছে, নারীর অধিকার জলে,স্থলে,বিমানে। একদিন ছিল যখন একজন মহিলা কোন ভাবেই একা বাড়ির বাইরে পা রাখতে পারতেন না একজন পুরুষ মানুষ ব্যতীত ।বিধবা মহিলারা দ্বিতীয় বিবাহের কথা ভাবতেই পারতেন না । সে সমস্ত কুসংস্কার থেকে মুক্ত হলেও কিছু কিছু ক্ষেত্রে নারী অসহায় । বর্তমান সমাজে ও নানান দিক থেকে বিপর্যয় নেমে আসে নারী আকাশে। কিছু অপশক্তির দ্বারা অত্যাচারিত, লাঞ্ছিত, অবহেলিত হন নারী। এ যেন নিত্য দিনের হইচই । শারীরিক ভাবে মেয়েরা দুর্বল তাই একজন নারী জন্মকাল থেকেই প্রতিটি ধাপে যেন একজন পুরুষের অধীনে দিন যাপন করতে হবে এমনই পরিস্থিতি । একজন বাবা মা তার স্নেহের কন্যা সন্তানের কথা ভাবেন এক স্বামী তাঁর স্ত্রীর নিরাপত্তার কথা ভাবেন, ভাবতেই হয় কারণ মনে প্রাণে আমরা যতই এগিয়ে থাকি আধুনিক হই না কেন এখন ও বিপদ ওৎ পেতে থাকে প্রতিটি পদক্ষেপে ।আইনের ফাঁক দিয়ে ঘটে চলেছে অনর্গল ঘৃণ্য কর্ম ।অনেক আইন কাগজ কলমে পাস হয়েছে কিন্তু কতখানি তার কার্যকারিতা?

এখন ও পণের জন্য খুন হতে হয় নববধূকে । বিয়ের পিড়ি ছেড়ে উঠে যায় বরপক্ষ তার জন্য দায়ী আমাদের পরিবেশ ও অস্বাস্থ্যকর সমাজ ব্যবস্থা ।আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক শ্রেণীর মানুষ নারীর উপর অকথ্য অত্যাচার উৎ-পীড়ন কায়েম রেখেছেন। সংবাদ পত্রের পাতায় নারী নিগ্রহের ঘটনা নেই আমার জ্ঞানত এমন দিন আসেনি ।নিউজ চ্যানেলে ও একই ঘটনার পুনরাবৃত্তি যা দেখে সত্যি চিন্তান্বিত কন্যা সন্তানের পরিবার পরিজন ।তবে কুচিন্তার মাধ্যমে কর্তব্যে ইতি টানা তো কোন ভাবেই একজন সমাজ সচেতন মানুষের পক্ষে উচিত কর্ম নয়। আমাদের উচিত আমাদের কন্যা সন্তানদের সমস্ত রকমের নিরাপত্তা দেওয়া সেই পরিবেশ তৈরী করা যাতে মেয়েরা ঘরে বাইরে সম্পূর্ণ নিরাপদে নিশ্চিন্তে চলা ফেরা করতে পারে।

পৌরাণিক ধ্যান ধারণা বজায় রেখে কেবলমাত্র সংসার ধর্ম পালন করা নারীর একমাত্র উপায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এটাই বোঝাতে চান কিছু পরিবারের পুরুষ মানুষ । এখন ও অনেক গোঁড়া পরিবারে নারীর কোন স্বাধীনতা নেই । তাই বিপদের সঙ্গে মোকাবিলা, নিজের প্রাপ্য সম্মান ছিনিয়ে নেওয়ার মতো সাহস রাখা এমন করেই গড়েপিটে তৈরী করতে হবে কন্যা সন্তানদের, লৌহ মানবী হতে হবে । নারী থাকবেন সমাজের সসম্মানীয় স্থানে পুরাণে যেমন ছিলেন গার্গী, মৈত্রী, লোপামুদ্রা । যেদিন সমস্ত বিপদের সঙ্গে সংঘর্ষ করে টিকে থাকতে সক্ষম হবে একাই একজন মেয়ে সেদিন ঘটবে সমগ্র নারীর মুক্তি । এত প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ এই জায়গায় যখন পৌঁছাতে পেরেছেন নারীজাতি আমার বিশ্বাস একদিন সামগ্রিক মুক্তি আসবেই।

এবার সময় এসেছে প্রস্তুতির , আসন্ন সেই দিন ।।

 

কবিতা পর্ব২

 

বন্ধু গিয়েছে চলে

শিখা মল্লিক

 

বন্ধু গিয়েছে চলে প্রিয়জন রেখে

কীভাবে চলবে দিন জানে না কেউই

অথচ শপথ ছিল একসঙ্গেই

কাটাবে জীবন তারা রোদ - জল - ঝড়ে ।

 

আজকে দেখছি খুব গ্রহণের ছায়া

পড়েছে সরল মুখে কালিভরা চোখ

ভেতরে ভেতরে তার ফল্গুর স্রোত

জীবন চলে না তবু ধরে রাখে মায়া ।

 

মানুষের দোষ নেই জীবন ছলনা

এই আছে এই নেই টুপ করা পাতা

আহা ! কী যন্ত্রণার বোঝে সেই মাতা

আর প্রিয়া হৃদয়ের , অন্য ললনা ।

 

অনাথ মনে হচ্ছে!

বিশ্বজিৎ কর।

 

অনবরত পদধ্বনি....

চলে যাওয়ার! শূন্যতার খাদ!

হাড় হিম নিস্তব্ধতা....

কেমন যেন অনাথ লাগে!

 

কবিতাগুলো শোক - ভাষায় সেজে উঠেছে!

ল্যাম্পপোস্টে আলো জ্বলছে,

তবুও অন্ধকার! ক্লাসরুমে রোদ ঢোকে না!

ব্লাকবোর্ডগুলো কালো হয়ে আছে.....

সেই কবে ছুটির ঘন্টা বেজেছিল!

 

প্রতিশ্রুতির বাঁধভাঙ্গা স্রোত,

মঞ্চে মুখোশের প্রদর্শনী!

জীবাণু গিজগিজ করছে.....

দূরত্ব বজায় রাখতে গিয়ে,

ক্রমশঃ পিছিয়ে যাওয়ার পদধ্বনি....

কেমন যেন অনাথ মনে হচ্ছে!

 

ভাঙনের পাখি

আনন্দমোহন দাশ

 

এখানে হাঁটতে হাঁটতে থমকে যাচ্ছে মানুষ ।

এখানে হাসতে হাসতে গুম করে

চুপ হয়ে যাচ্ছে মানুষ । স্বপ্ন দেখতে দেখতে

অতল ঘুমের গহ্বরে তলিয়ে যাচ্ছে ।

এখানে সময়ের অস্হিচূর্ণ আর অবিশ্বাসের হাওয়ায়

এলোমেলো হয়ে যাচ্ছে জামার বোতাম, মাথার চুল,

চশমার ঝাপসা কাঁচ ....

 

তবু সরল বিশ্বাসে দেখি,

নিস্পাপ গ্রাম্য কিশোরীর অক্ষি যুগলের মতো

দিঘি আলো করে ফুটে আছে শালুক গুচ্ছ।

মাঠে মাঠে নতুন বধূটির বুকের মতো

ধানের ছড়ায় জমে উঠছে দুধ। খুশির কাশ

আর ভোরের শিউলি ভুলিয়ে দিচ্ছে

আমাদের শঠতা,

আমাদের যা কিছু অন্ধকার ...

 

তবু একটি উৎসবের ঋতু এগিয়ে এলে

আমরা মানূয়ের কাছেই যাই, পাশে বসি,

হাত দেখি, ঢলে পড়ি শিশিরের মতো ।

 

দেখি,

অকস্মাৎ ভাঙনের পাখি উড়ে যায় .... !

 

সিঁদুর আগুন

বিধানেন্দু পুরকাইত

 

 

ভুলতে চেয়েছ বলেই তুমি

আঁকড়ে ধরলে হাত

মোমবাতির অগ্নি শিখায়

সেঁকলে অজুহাত।

 

সুন্দরের যে হাত তুমি

ধরতে এলে এই বিকেলে

স্পর্শে মাতাল অগ্নিবীণা

সুরের আগুন সন্ধ্যাকালে।

 

না ভুলে সেই ভুলের কাছে

হারিয়ে গেলে জীর্ণ বীণায়

সিঁথি জুড়ে সিঁদুর আগুন

পুড়ে গেলে বর্গভীমায়।

 

গুরুপূর্ণিমা

শঙ্খশুভ্র পাত্র

 

তালনবমীর ঠিক পরের দিনই তো এমন টালমাটাল

সময়ে তোমার হতাশাকে জড়িয়ে পল্লবগ্রাহীতার মতো

বাঁচতে চেয়েছি৷ তুমি বললে, এ ইচ্ছায় মিশে আছে

কামিনীফুলের দিশেহারা! কীসে কী হয়, ঊনিশ-বিশ

তফাতে কি রফা হবে! কত দফা শাস্তি পেলে— দাফনে

জুড়োবে মন? কুঁড়েঘরে অন্তর্গত খেলা জমে না তেমন৷

তবু লেখা, জাজিমে পেতেছে সুখ— অয়ি মধুযামিনীকে

কেন যে বিজনকথা বলে ফেলে নিজে নিজে

আঁধারকুসুম! কে আমাকে দেখে, দ্রাক্ষা, চারিদিকে

অবিন্যস্ত তারা... মন আজ হাওয়ার অধিক, নির্ভার...

নিভাননী, মানিনীকে— মানি, খুব মানি.. বলি,

অন্যথা হবে না আর৷ অন্নজ্ঞানে বাক্যকে রাখি৷

আজ থেকে গুরুপূর্ণিমা শুরু৷ ইতি, নয়-ই আশ্বিন...

 

 

আইফোনের ঘড়ি

প্রাণজি বসাক

 

আইফোনের দেয়ালে একটা অবিনশ্বর ঘড়ি

তার বুকের ঘরে নেই কোনো টিকটিক  শব্দ

তার নীলরঙা বুকে লটকে আছে সময়-বালি

তার চিরন্তন বুক থেকে কেউ উপড়ে ফেলেছে

কাঁটাগুলো - যেন তার অন্যায় হয়েছে বড়সড়

 

মাছের কাঁটার মত চিবিয়ে চিবিয়ে ফেলে চলে

পলক থেকে পলকে   সময় মেলাতে  মেলাতে

ঘড়িটার চোখে চোখ পড়তেই   বুকে ঢেউ ওঠে

তার নীলরঙা বুকে ফিনকি দিয়ে ওঠে লাল রং

কোথাও কি বিঁধল কাঁটা  আইফোনের দেয়ালে

 

মা আসছে

সন্দীপকুমার মান্না

 

শরতের আগমন আনন্দে মাতলো রে ভুবন

জীবন হৃদয়তরী আহ্লাদে আটখানা

কচিকাঁচাদের মনে মুক্তঝরা হাসি

জানান দিচ্ছে মা আসছে।

দুষ্টুমিষ্টি পাখিদের বাঁধনহারা কিচিরমিচির

মাঠভর্তি আমনের ডগা'য় শিশিরচ্ছটা

প্রকৃতির শান্ত মনোরম নির্মল আবহ

জানান দিচ্ছে মা আসছে।

আকাশে সাদা সাদা পুঞ্জ পুঞ্জ মেঘের ভেলা

কাশের বনে মনহারিণী কাশের দোলা

নদী খালে ঢলঢল জলের শোভা

জানান দিচ্ছে মা আসছে।

জলাশয়ে প্রস্ফুটিত পদ্ম শালুকের সমাহার

বন্যা ভ্রুকুটি কাটিয়ে অন্নদাতার হাসি

গাছে গাছে সবুজের আহ্বান

জানান দিচ্ছে মা আসছে।

মোহময়ী জগৎ সংসার সেজেছে নবরূপে

বন্ধ মনের সব জানালা গেছে খুলে

আনন্দে মেতেছে মা মাটি মানুষ

জানান দিচ্ছে মা আসছে।

 

গুপ্ত দহন , সুপ্ত বাসনা 

অর্ণব সামন্ত

 

দহন রেখে আসি চানঘাটে আর কিছু জ্যোৎস্না ফর্সার বিজ্ঞাপন

যখন পান্ডুলিপি হয়ে ঝরে নারকেল পাতায়

গহনের তিলক কামোদ আর্দ্র করে অভিমান পাথর টুকরো কথা

ছুটে যায় চাঁদমারিতে , চাঁদে চাঁদে নির্ভেজাল ঢলাঢলি

অপত্য চাঁদও উঁকি দেয় মানস সরোবরে

কেচ্ছাকলি জলকেলি অপ্সরাদের , চোখ কি সেই দ্যাখা পেয়েছে ?

 কোষে তুলে রাখি গান , স্নায়ুতে সিম্ফনি

রক্তে রাখি ছলাৎছল শব্দের জল যে জল যায় জলের গভীরে

 নৈঃশব্দ্য অভিলাষী , মেদমজ্জায় আদর মাখামাখি প্রেম

দুপুরের একক কাব্য রচিত হয় আধবোজা নয়নে প্রগলভা ঠোঁটে

 উপন্যাসের সহস্র অধ্যায় বাকি রাখি কথায় কথায় স্বয়মাগতা

স্বৈরাচারী স্বেচ্ছাচারী নিজেই প্লট ভাঙে থাপ্পড় মারে স্রষ্টাকে ,

দহনে দহনে লেখে সমুদ্রজীবন চাতক ঠোঁট হাঁ করে এযাবৎ অভিমান বৃষ্টি গিলে খাবে বলে

 চানঘাটে গান ওঠে, ঝংকারে ঝংকারে আভোগে পৌঁছায়

বিদ্যুচ্চমকে বৃষ্টিতে নদী আচমকা সমুদ্রে হারাতে ভালোবাসে

অন্তরীণ লিবিডো দাঁড়ায় ইনহিবিশন নূপুর খুলে ফ্যালে

 সংস্কার সমুদ্রে ফ্যালে চূর্ণবিচূর্ণ অহংকে একান্ত তুইতে

তানপুরার মারুবেহাগের ঝালা আজীবন ঝালাপালা করে

ঠোঁটের ভেতর ঠোঁট , বুকের ভেতর বুক , আত্মার ভেতরে আত্মা রেখে শুই

অপত্যের কবিতা তখন যোগ্যতম উদবর্তনের পথে , যুদ্ধজয়ের পথে ... !

                                                                        

দৌড়

অমিত কাশ‍্যপ

বাবা বলতেন, জীবনটা একটা দৌড়

শেষ বলে কিছু নেই, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, চাকরি যাওয়া

মাঠের শেষ মাথায় যে ফিতে পড়ে আছে

লক্ষ্য সেটা

দৌড়, শেষ বিন্দুতে

 

মোহনপুরের ঘাটে গোধূলি, জলে রং, এগিয়ে যাচ্ছে

ডিঙি নৌকাখানি ভেসে উঠছে বারবার

বিকেল মেখে উড়ে যাচ্ছে পাখি পরিবার

মনোরম ভাবলে মনোরম, ডানায় দৌড়

 

ওসমান আলি, সারা বছর কিছু না কিছু নিয়ে বাজারে বসে

সুন্দর ব‍্যবহার, সুন্দর কথা, বলে

জীবন একটা দৌড়, দাঁড়াবার জায়গা নেই

শুরুর দিন থেকে দৌড়

 

ওই সকাল দেখ কেমন দৌড় যাচ্ছে

বেলার সামনে আরো বেলা, আরোর পরে নীরব দুপুর

সন্তরণ পর্ব সেরে উঠে যাচ্ছে ঘরোয়া রোদ

নরম হয়ে ফিরে যাচ্ছে দিনের সীমা

চিলেকোঠা থেকে সরে যাচ্ছে বিকেলের আভা

দৌড় কি শেষ হল, ওসমানের মুখে ম্লান হাসি সেজে ওঠে

 

বদলের ছবি

অশোক কুমার ঠাকুর

 

এই তো সেদিন পথের বাঁকে বর্ষীয়ান এক কবি

সাতের দশক, সম্ভাবনায়, উদীয়মান রবি

আজকে তারই ভগ্ন হৃদয়

পাঠক সমাজ একি নিদয়

সেদিন ছিলো, মধ্যমণি,    মঞ্চ আলোর ছবি।

সমাজ ছবি বদলে গেলে, বদলে যায় কি সবই?

 

ও_নদীরে

রত্না দাস

 

সাতটা নদী সাতসুরে গান গাইতে পারলোনা। হারিয়ে গেল!

হারাতে চায়নি ওরা তবু কেন!

উত্তর কী আছে!

হ্যাঁ।

লোভ বড় দায়।

তাই মেটাতে নদীকে খুঁড়ে খুঁড়ে রক্তাক্ত করে তাকে নিঃশেষ করে দিয়ে

গন্ডুষ পানটুকুও নয়!

 

নদী কথা বলেনা। বলেনি কোনোদিন।

তার রোষ ফুঁসে ওঠে বন্যায়, প্লাবন ভাসিয়ে নিয়ে যায় অসহায়দের ঘরদুয়ার।

কিন্তু লোভীদের হাতের কালি মুছতে পারেনা নদী। পৌঁছাতে পারেনা অতটা।

অনেক উঁচুতে থাকে তারা। নদী যায়না। অভিমানে গুমরে গুমরে শুকিয়ে মরে যায়।

 

ভৌগোলিক সীমানা খালি তখন।

মানচিত্র থেকে নির্বাসন!

নদীর কোনও নাম ছিল। এখন অতীত। কংকালও খুঁজে পাওয়া যায়না।

 

বৃদ্ধদের মুখের রেখায় নদীর পরিচয় পেলেও পাওয়া যায়...

 

 

প্রান্তরেখা

অনুপম বিশ্বাস

 

কাশের শুভ্র ঢেউয়ে ভেসে আসে উৎসবের পদধ্বনি,

শিউলির গন্ধে ভোর জাগে, আলোকিত হয় নগর।

তবু শহরের প্রান্তে এক কুটিরের ম্লান উঠোনে

ক্ষুধা গোপনে গুনে চলে শরতের দিনক্ষণ।

মৃৎপ্রতিমার চক্ষুদানে জ্বলে ওঠে দেবীর দীপ্তি,

আর ভাঙা চালের নিচে শিশুর চোখে জমে থাকে অন্নের আকাঙ্ক্ষা।

ঢাকের উন্মত্ত ছন্দ ছড়িয়ে পড়ে জনপদের অলিগলিতে,

কোনো মায়ের আঁচলে তখনও জেগে থাকে অভাবের দীর্ঘশ্বাস।

ধূপের ধোঁয়া উঠতে থাকে আকাশের নীলিমা ভেদ করে,

প্রান্তিক ঘরে চুলোর আগুন খোঁজে একমুঠো শস্য।

উৎসবের আলোকমালার বাইরে যারা অদৃশ্য থেকে যায়,

তাদেরও চোখে জ্বলে উঠুক সমান অধিকারের প্রদীপ।

বিসর্জনের জলে ভেসে যাক বৈষম্যের পুরোনো আবরণ,

মায়ের আগমন পূর্ণ হোক মানুষের মুখের হাসিতে—

যেখানে শারদীয়া কেবল মণ্ডপের নয়,

প্রতিটি ক্ষুধার্ত ঘরেরও উৎসব হয়ে ওঠে।

 

ছোটোগল্প পর্ব২

সর্ষেয় ভূত

প্রবীরকুমার সামন্ত

 

 শ্রাবণের মাঝামাঝি সময়।

ঝমঝম বর্ষায় বৃষ্টি বাদলের দিনে মনটা কেন যে এতো উসখুস ছুঁক ছুক করে। একি বাঙালিয়ানার বদভ্যাস নাকি কে জানে।

     আসলে ইলিশ মাছের স্বাদ পেতে নোলায় জল ঝরছে। এ মাছটি খেলে যেন অনাস্বাদিত এক তৃপ্তির স্বাদ পাওয়া যায়। একি দুর্গা পূজার মতন বঙ্গসংস্কৃতির ইলিশ উৎসব নাকি?

    ছাতা মাথায় তড়াদ্দম বেরোয় নীলাঞ্জনবাবু। মেছোবাজারে ঢুকতেই বাপরে বাপ, কী চিৎকার, যেন ডিজে বাজছে। দোকানদারের গলাফাটানো হাঁকডাক, টেক্কাটেক্কি রসিকতাপূর্ণ কথায় বলছে, এইমাত্র বাংলাদেশের পদ্মানদী থেকে ধরে আনা টাটকা ইলিশ মাছ বাবু। আমার কাছে পাবেন শুধু। কয়েকটি আছে স্টক ফুরিয়ে যাবে এক্ষুনি।

    বিজ্ঞাপনীকথায় অস্ফুটে হাসেন স্কুলের প্রধান শিক্ষক নীলাঞ্জনবাবু। বাড়িতে পৌঁছে সউল্লাসে সোৎসাহে গিন্নিকে বলেন,বেশ তোয়াজ করে সর্ষেবাটা দিয়ে ইলিশ রাঁধবে গিন্নি। আয়েশ করে বেশ তারিয়ে তারিয়ে খাওয়া যাবে।

    এই কথাটা শুনে তার স্কুলপড়ুয়া ছেলে খোকন ভয়মিশ্রিত কণ্ঠে বলল, খবরদার, সর্বনাশ করোনা বাপী। জানোনা, সর্ষেয় ভূত থাকে ? মা সর্ষেবাটলে ভূত বেরিয়ে মায়ের গলাটিপে দিলে তখন মা মরে যাবে।

   অর্বাচীন বালকের কথায় একবাড়ি লোক হেসে কুটি কুটি অস্থির।

 

 

হুরমুজ বড় চিটার 

ইদ্রিস মণ্ডল

 

চুয়াডাঙ্গা শহরের মটকা পাড়ায় হুরমুজ আলির বাড়ি। নাম হুরমুজ আলি। কিন্তু এলাকায় তার পরিচয় অন্য নামে—হুরমুজ চিটার।

একসময় হুরমুজের কিছু মান-সম্মান ছিল। মানুষের সঙ্গে চলাফেরা করত। আড্ডায় বসত। পরিচিত মহলে তার গ্রহণযোগ্যতাও ছিল। সময়ের সঙ্গে তার আচরণ বদলে যায়। মানুষের বিশ্বাসকে সে নিজের স্বার্থে ব্যবহার করতে শেখে।

একটি প্রতারণার ঘটনায় তাকে জেলও খাটতে হয়েছিল। জেল থেকে ফিরে কিছুদিন চুপচাপ ছিল। মানুষ ভেবেছিল, শাস্তি হয়তো তাকে বদলে দিয়েছে। কিন্তু সেই ধারণা বেশিদিন টেকেনি।

আবার সে মানুষের কাছে ঘনিষ্ঠ হতে শুরু করল। কারও সমস্যা শুনত। কারও বেকার ছেলের কথা জানত। কেউ বিদেশ যেতে চায়, কেউ ব্যবসা করতে চায়—এসব খবরও তার অজানা থাকত না। মানুষের প্রয়োজনের জায়গাটাই সে খুঁজে নিত।

বেকার যুবকদের কাছে চাকরির কথা ছিল তার বড় টোপ। পরিচিত জায়গায় লোক লাগবে, সে চাইলে ব্যবস্থা করে দিতে পারবে—এমন আশ্বাস দিত। প্রথমে টাকার কথা তুলত না। আগে বিশ্বাস অর্জন করত। তারপর কাগজপত্র, যোগাযোগ ও অন্যান্য খরচের কথা বলে টাকা নিত।

টাকা দেওয়ার পর শুরু হতো অপেক্ষা।

ফাইল গেছে।

খবর আসবে।

নিয়োগ হবে।

দিন যায়। সপ্তাহ যায়। চাকরি আসে না। অজুহাতের শেষ থাকে না। কখনো কাগজের সমস্যা, কখনো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আবার কখনো নতুন খরচের কথা সামনে আসে।

চাকরির মতো বিদেশ যাওয়ার স্বপ্নও তার কাছে ছিল আরেকটি সুযোগ। বিদেশে ভালো কাজ আছে, পরিচিত লোক আছে, ভিসার ব্যবস্থা করা যাবে—এমন কথা বলে মানুষের মনে আশার আলো জ্বালাত।

কেউ ধার করত। কেউ সঞ্চয় ভাঙত। কেউ পরিবারের প্রয়োজনের টাকা সরিয়ে দিত। টাকা হাতে পাওয়ার পর শুরু হতো নতুন অপেক্ষা।

ভিসা হচ্ছে।

কাগজ চলছে।

আরও কিছু সময় লাগবে।

এভাবেই সময় চলে যেত। স্বপ্নের গন্তব্য আর আসত না।

কখনো ব্যবসার কথাও তুলত হুরমুজ। কম টাকা দিয়ে বেশি লাভের আশ্বাস দিত। তার কথায় কেউ টাকা দিলে পরে শুরু হতো নানা ব্যাখ্যা। ব্যবসায় সমস্যা হয়েছে। টাকা আটকে আছে। বাজার খারাপ। লাভ হয়নি।

অবশেষে মানুষ বুঝত, লাভের হিসাব দূরের কথা—নিজের টাকাটাই অনিশ্চিত।

নিজের প্রভাব নিয়েও হুরমুজের বড়াই ছিল। বড় লোকের সঙ্গে পরিচয় আছে, কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ আছে, উপরের মহলে তার লোক আছে—এমন কথা বলত। কথার জোরে নিজের চারপাশে এমন একটি প্রভাবের আবরণ তৈরি করেছিল যে, অনেকেই তাকে সত্যিই ক্ষমতাবান মনে করত।

তার কৌশল ছিল সহজ, কিন্তু কার্যকর। একই সুযোগের কথা একাধিক মানুষকে বলা। একজনকে চাকরির কথা, অন্যজনকেও একই চাকরির কথা। কাউকে বিদেশ যাওয়ার আশ্বাস, কাউকে ব্যবসার লাভের স্বপ্ন।

মানুষের স্বপ্ন ছিল আলাদা। প্রয়োজন ছিল আলাদা। কিন্তু শেষ পর্যন্ত সবার টাকা যেত একই হাতে।

কেউ ধার করে টাকা দিয়েছিল। কেউ সঞ্চয় ভেঙেছিল। কেউ পরিবারের প্রয়োজনের টাকা দিয়েছিল। সবার আশা ছিল—একটু স্বচ্ছলতা আসবে, জীবনটা বদলাবে।

কিন্তু সময়ের সঙ্গে সেই আশাই তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াল।

একদিন কয়েকজন ভুক্তভোগী নিজেদের মধ্যে কথা বলল। একজনের কথা শুনে আরেকজন চমকে উঠল। চাকরির জন্য টাকা দেওয়া হয়েছে। একইভাবে বিদেশ যাওয়ার জন্যও টাকা দেওয়া হয়েছে। ব্যবসার নামেও টাকা গেছে।

ঘটনাগুলো মিলিয়ে তারা বুঝতে পারল—পদ্ধতি আলাদা মনে হলেও ফাঁদ ছিল একই।

প্রথমে বিশ্বাস।তারপর আশ্বাস।

তারপর টাকা।

এরপর দীর্ঘ অপেক্ষা।

শেষে অজুহাত।

এদিকে হুরমুজের পুরোনো ইতিহাসও মানুষের আলোচনায় ফিরে আসে। আগের একটি প্রতারণার ঘটনায় তার কারাভোগের কথাও সামনে আসে। শাস্তি তাকে থামাতে পারেনি। পুরোনো অভ্যাস আবার ফিরে এসেছিল।

এরপর মটকা পাড়ার মানুষের চোখে তার অবস্থান দ্রুত বদলে গেল। আগে যারা তার সঙ্গে বসত, তারা দূরে সরে গেল। পরিচিতরা দেখেও না দেখার ভান করত। কেউ আর সহজে তার কথায় বিশ্বাস করত না।

একদিন হুরমুজ রাস্তা দিয়ে যাচ্ছিল। পেছন থেকে কারও মুখে ভেসে এল—

—“ওই যে হুরমুজ চিটার।”

শব্দ দুটি তার কানে গিয়ে আটকে গেল।

সে থেমে দাঁড়াল।

একসময় নিজের নামের সঙ্গে তার পরিচয় ছিল। এখন সেই নামের সঙ্গেই জড়িয়ে আছে মানুষের অবিশ্বাস ও অপমান।

হুরমুজ টাকা নিয়েছিল। কিন্তু টাকার চেয়েও বড় কিছু হারিয়েছিল—মানুষের বিশ্বাস।

টাকা হারালে আবার উপার্জন করা যায়। কিন্তু হারানো বিশ্বাস ফিরে পাওয়া কঠিন। আর সম্মান একবার নষ্ট হলে তার দাগ মুছে ফেলতে অনেক সময় লাগে।

মটকা পাড়ার মানুষ তাই তাকে শুধু হুরমুজ আলি নামে মনে রাখেনি।

তার নামের সঙ্গে একটি শব্দ স্থায়ী হয়ে গেছে—

হুরমুজ চিটার।

 

বাঘা

দেবদাস কুণ্ডু

 

   শীতের ভোর। রাস্তা ফাঁকা। আমি এই সময়টা মর্নিং ওয়ার্ক যাই। আরিফ রোডের কাছে এসে দাঁড়াই। একটি পনের ষোল বছরের মেয়ে ঐ অতো ভোরে পাঁচটা কুকুরকে খাবার দেয়। মেয়েটাকে আমি চিনি। আমাদের আবাসনের পাশেই ওদের বাড়ি। আমার স্ত্রীর বন্ধুর মামা হয় মেয়েটির দাদু। সেই সূত্রে দু'একবার ওদের বাড়িতে গেছি। ওর দাদু মারা গেছেন।মেয়েটার নাম জানি না। কথাটথা বলি মাঝে সাজে, 'তোমার ঠাকুমা কেমন আছেন? দিদি   কেমন আছে?

মেয়েটি উওর দেয়,' ঠাকুমা আছে মোটামুটি। হাঁটতে পারে না। দিদি ভালো আছে। ছেলে হয়েছে।''

' দারুন খবর।'

কিন্তু আমার একটা ভয় করে। এই কুকুর গুলিকে আগে খাবার দিতো ওর দাদু। দাদু মারা যাবার পর দিতো ওর ঠাকুমা।  কিছুদিন দিয়েছে ওর ঠাকুমা। তিনি অসুস্থ হতে দিয়েছে ওর দিদি। দিদির বিয়ে হবার পরএই মেয়েটা দিচ্ছে। ওরা দিতো একটু বেলার দিকে। তখন সাতটা। আমি বাজার যেতাম। দেখতাম। রাতের খাবারটা সকালে দিয়ে যায়। কিন্তু এই মেয়েটা এই শীতে এতো ভোরে খাবার দিতে আসে কেন? ওর ভয় করে না? বেলার দিকে আসতে পারে তো। ওর ঠাকুমা, ওর মা, বাবা, এতো ভোরে পনের ষোল বছরের মেয়েটাকে বাইরে যাবার অনুমতি দেয় কীকরে? মেয়েটা কি কোন খবর রাখে না? ওর বাবা মা কি কাগজ টিভি দেখে না? প্রতিদিন কি হচ্ছে? প্রতি ষোল মিনিটে একটি মেয়ে ধর্ষণ হয়। সেখানে অভিভাবক কিশোরী মেয়েটাকে ছেড়ে দেয় কোন সাহসে? কিছু একটা ঘটে গেলে। লোকজন তো চারপাশে থাকে না। কে ওকে বাঁচবে? প্রতিদিন ভাবি, বলি কথাটা। আবার ভাবি, কি মনে করবে?

  দাঁড়িয়ে পড়লাম আজ। আমার একটা ভয় হয়। ও কেউ না আমার। শুধু পরিচিত। তবু ভয় হয়। ধর্ষণটা সংক্রমনের মত   ছড়াচ্ছে। একটা বড় গামলা থেকে সকলকে আলাদা আলাদা করে খাবার দিচ্ছে মেয়েটা।  হাঁটু ভেঙে বসে কুকুরগুলোকে আদর করেছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম।বললাম, 'তোর নাম কি?'

মেয়েটি হেসে বলল, সংগ্রামী '।

'তুই এতো সকালে খাবার দিতে আসিস কেন?একটু বেলা হলে তো আসতে পারিস?'

'বা রে! ওরা সারা রাত খায়নি। ওদের খিদে পায় না বুঝি?'

'বুঝলাম। কিন্তু এতো ভোরে, দেখ তো, রাস্তায় লোকজন আছে কি না। বড় রাস্তায় গাড়িও যাচ্ছে না।'

'হ্যাঁ। তা কি হয়েছে? '

' হয়নি। কিন্তু হতে কতো ক্ষণ? '

 

শূন্য শ্রেণি ও নীহারিকা কক্ষপথ

শাশ্বত বোস

 

   গদার মতন হাতুড়িটার ঘায়ে, নোনা ধরা পলেস্তারার চাদর সরিয়ে ইটগুলো খসে খসে পড়ছে। থর থর করে কাঁপছে বাড়িটার বুড়ো শরীরটা। আনিসুর হাতের হাম্পরটা মাথার উপর তুলে বাড়ি দিয়ে যাচ্ছে শুধু। বিকেলের কমলা রোদটা সোনালী হতে শুরু করেছে সবে, যেমনটা হয় ফুরিয়ে আসা সব বিকেলেই। এতে তেমন আহামরি কিছু নেই। শুধু শীতের শুরুর এই বিকেলে প্রাগৈতিহাসিককালের বাড়িগুলোর শরীর জুড়ে এখন শুরু হয়েছে অনিবার্য্য রকমের একটা আয়ু শেষ হয়ে যাবার ভয়। ওদের সবার বুক কাঁপছে, সেটা বেশ টের পাচ্ছে আনিসুর। আসলে ও এতদিন ধরে এতো বাড়ি ভেঙেছে এ পাড়ায়! এটার গায়ে হাত দিয়েছে বেশ যত্ন করে। একটা একটা করে ইঁট যদি খসানো যেত ছেনী হাতুড়ি দিয়ে কিংবা যদি বাড়িটার পুরোনো শরীরে এঁকে দেওয়া যেত দার্শনিক কোন ভাস্কর্য্য, আনিসুর খুব খুশী হত। কিন্তু ঠিকাদার এসে তাড়া দিয়ে গিয়েছে দুপুরবেলায়। বিকেলের মধ্যে কাজ গোটাতে হবে। আর কয়েকদিনের মধ্যে পাড়াটার মানচিত্রটাই আমূল বদলে যাবে।

 

আঘাতের তীব্রতা ক্রমে বাড়ায় আনিসুর। আওয়াজটা এবার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কংক্রিটের শবদেহ অতিক্রম করে সোজা গিয়ে আঘাত করছে পাড়ার একেবারে শেষদিকের একতলা বাড়িটায়। এ পাড়ায় ওটাই একমাত্র হাল ফ্যাশনের বাড়ি। বাড়িটায় একটা বৌ পোয়াতি। বিশাল পেট নিয়ে বাড়িটার ছাতে এসে দাঁড়ায় মাঝে মাঝে, আনিসুর দেখেছে। হয়তো এই কানফাটা আওয়াজটা ওর পেটের ভিতর ঢুকে, বাচ্চাটাকেও আঘাত করছে। হয়তো এই আওয়াজে কেঁপে উঠে, নির্ধারিত জন্মের আগেই বেরিয়ে আসবে বাচ্চাটা। কিন্তু ওর জন্য পৃথিবীটা তো এখনো তৈরী নয়। আনিসুর নিজে শিল্পী মিস্ত্রী, একটা পুরোনো শরীরকে দুমড়ে মুচড়ে নতুন একটা ইমারত গড়ে দেবার ক্ষমতা ওর আছে। দেশের বাড়িতে ওর বৌটারও বাচ্চা হবে খবর এসেছে কাল।

 

হাত থেকে হাতুড়িটা রেখে দেয় আনিসুর। কপালের ঘামের ফোঁটাটা খসে পরে ওর পায়ের গোড়ায়, ভেঙে যাওয়া তারার মত। পাশের আমবাগানের কাটা গাছগুলোর দিকে চেয়ে থাকে ও কিছুক্ষণ। পাখির আওয়াজে কদিন আগেও এখানে কান পাতা যেত না আর এখন পুরো শুনশান। চারপাশটাকে ঘিরে ধরেছে মহাকরুণার মত এক অপার নৈঃশব্দ্য। হাতুড়িটা আবার মাথার ওপর তোলে আনিসুর, যেন প্রস্তরলিপির গভীর গায়ে ধীর রেখা লিখে দেবে একটা মসৃণ ‘চলে যাওয়া’। খোলা আকাশে তখন অনন্ত চালচিত্রের ছবি জেগে থাকে, একা রামধনু হয়ে।

 

বাবা

শান্তনু ঘোষ

 

দুই ছেলে—অঙ্কুশ ও অয়ন। এক মেয়ে—অর্পিতা। তিনজনেরই বিয়ে হয়ে গেছে।

সামান্য আয়ে সারাজীবন পরিশ্রম করে বাবা-মা তিন সন্তানকে মানুষ করেছিলেন। নিজেদের ইচ্ছেগুলো বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সন্তানদের জীবন আলাদা হয়ে গিয়েছিল।

বড় ছেলে অঙ্কুশ বাবার কষ্টের কথা প্রায় ভুলেই গিয়েছিল। ছোট ছেলে অয়ন প্রয়োজন হলেই আসত। আর অর্পিতা দূরে থাকলেও নিয়ম করে বাবা-মায়ের খোঁজ নিত।

এক রাতে হঠাৎ বাবার অসুস্থতার খবর পেয়ে তিনজনই বাড়িতে এল।

অঙ্কুশ এসে মাকে জিজ্ঞেস করল,

—বাবার সম্পত্তির কাগজপত্র কোথায় রেখেছে?

অয়ন ব্যস্ত হয়ে বলল,

—বাবার ব্যাঙ্কের কাগজগুলো একবার দেখতে হবে। কোথায় রেখেছ?

অর্পিতা কোনো কথা না বলে বাবার মাথার কাছে গিয়ে বসল। কপালে হাত রাখল।

বাবা তখন কথা বলতে পারছেন না। শুধু চোখ মেলে তাকিয়ে আছেন।

হঠাৎ মা ঘর থেকে একটি পুরোনো ব্যাগ নিয়ে এলেন।

—তোমাদের বাবার কাছে এই ব্যাগটা অনেক বছর ধরে ছিল। আজ খুলে দেখো।

তিনজনের চোখ একসঙ্গে ব্যাগটির দিকে গেল।

ব্যাগ খুলতেই একটি পুরোনো ফাইল চোখে পড়ল।

তিন সন্তান পরস্পরের মুখের দিকে তাকাল।

ফাইলের ভিতর ছিল তিনটি খাম।

প্রথম খামে লেখা—অঙ্কুশ।

দ্বিতীয়টিতে—অয়ন।

তৃতীয়টিতে—অর্পিতা।

তিনজনই অধীর হয়ে উঠল।

অঙ্কুশ দ্রুত নিজের খামটি খুলল।

ভেতরে একটি চিঠি।

বাবা লিখেছেন—

'তুই একবার আমার পকেট থেকে টাকা চুরি করেছিলি। আমি জানতাম। তোর মায়েরও জানা ছিল। কিন্তু তোকে কিছু বলিনি। ভেবেছিলাম, একদিন তুই নিজেই বুঝবি।”

অঙ্কুশের মুখ শুকিয়ে গেল।

অয়ন নিজের খাম খুলল।

চিঠিতে লেখা—

'রাগের মাথায় একদিন তুই তোর মাকে এমন কথা বলেছিলি, যে কথাগুলো একজন মায়ের হৃদয়ে অনেকদিন থেকে যায়। তোর মা সেদিন কেঁদেছিল। আমি তোকে বকিনি। কারণ জানতাম, তুই একদিন নিজের ভুল বুঝবি।'

অয়নের চোখ নেমে গেল।

অর্পিতা কাঁপা হাতে নিজের খাম খুলল।

'বিয়ের পর একসময় তুই আমাদের ফোন ধরতিস না। আমরা অপেক্ষা করতাম। তোর মা বলত, মেয়ের হয়তো সংসারে ব্যস্ততা। আমি জানতাম, আমাদের জন্য তোর সময় কমে গেছে। তবু তোকে কোনোদিন দোষ দিইনি।'

তিনটি চিঠির শেষে একই কথা—

'তুই ভুল করেছিলি। কিন্তু তুই আমার সন্তান—তাই তোকে ক্ষমা করেছিলাম।'

ঘরে নেমে এল নিস্তব্ধতা।

এবার মা আরেকটি খাম বের করলেন।

খামের ওপর লেখা—

'ওরা তিনজন পড়ার পর খুলবে।'

তিনজনের বুক ধক করে উঠল।

মা ধীরে ধীরে খামটি খুললেন।

চিঠিটা পড়তে পড়তে তাঁর চোখ ভিজে উঠল।

'তোদের মধ্যে কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই হিসেব আমি কোনোদিন করিনি। বাবা-মা সন্তানের ভালোবাসার হিসেব রাখে না।

কিন্তু তোরা আমার জীবনের হিসেব করতে বসেছিস—কে কত পেলি, কে কত দিলি।

তোদের ছোটবেলার ভুলগুলোর কোনো হিসেব আমি রাখিনি। কারণ সন্তানকে ক্ষমা করার জন্য কোনো খাতা লাগে না।

কিন্তু তোরা যদি আজ আমার সম্পত্তির হিসেব করতে আসিস, তাহলে একটা কথা মনে রাখিস—

'এই বাড়ি থাকবে তোদের মায়ের নামে।

তোদের মা এই বয়সে কারও বাড়িতে আশ্রয় নিয়ে বোঝা হয়ে থাকবে না।

আমি যতদিন আছি, এই বাড়ির দরজা তোদের জন্য খোলা। আর আমি না থাকলে—তোদের মা যতদিন বেঁচে থাকবে, এই বাড়ির দরজা ততদিন খোলা থাকবে।

তোরা যে যার মতো করে মাকে দেখিস। টাকা দিয়ে নয়, দায়িত্ব দিয়ে। কারণ মা-বাবার শেষ বয়সে সবচেয়ে বড় সম্পত্তি হলো সন্তানের পাশে থাকা।'

আর একটা কথা—

'আমি তোদের মানুষ করেছি। তোরা হয়তো আমাকে মানুষ হিসেবে চিনতে পারিসনি।

তবু আমি তোদের বাবা।

তাই শেষবারও তোদের ক্ষমা করে গেলাম।'

চিঠিটা মায়ের হাত থেকে পড়ে গেল।

তিন সন্তান নিঃশব্দ।

যে অঙ্কুশ এতক্ষণ সম্পত্তির কাগজ খুঁজছিল, সে ধীরে ধীরে বাবার পায়ের কাছে বসে পড়ল।

অয়ন মায়ের হাত শক্ত করে ধরে রইল।

অর্পিতা বাবার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল,

—বাবা, এতদিন আমরা ভেবেছি তুমি আমাদের মানুষ করেছ। আজ বুঝলাম, আমরা কেউই তোমাকে মানুষ হিসেবে চিনতেই পারিনি।

বাবা ধীরে ধীরে চোখ মেললেন।

তিন সন্তানের দিকে তাকালেন।

তারপর মায়ের দিকে।

মৃদু স্বরে বললেন,

—রক্তের সম্পর্ক জন্ম দেয়…

মনই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে।

কথা শেষ করে তাঁর হাতটা ধীরে ধীরে নেমে এল।

মায়ের হাতের ওপর থেমে রইল।

সেদিন তারা প্রথম বুঝল—

বাবা চলে গেলেও সন্তানের মাথার ওপর থেকে তাঁর ছায়া সরে যায় না কখনো।


কবিতা পর্ব৩

 

আজকের দুর্গা

দিলীপ সামন্ত

 

আজ‌ও দুর্গারা লড়াই করে

আপন জীবন যৌবন সম্ভ্রম বাঁচাতে ---

ঘরে বাইরে সর্বত্র লড়তে হয় অর্ধেক আকাশকে

অস্তিত্ব রক্ষার অসম সংগ্রামে।

কখনো শোষনের যাঁতাকলে ,কখনো দেহ দখলে

লোলুপ হায়নারা ওত পেতে থাকে আলোছায়ায়

সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়তে চায় শিকারের ‌ওপর--- 

হিংস্রতায় ক্ষতবিক্ষত হয় দেহমন

সমাজপতিরা তখন কোথায়?

হয়তো নারী স্বাধীনতা নিয়ে বুকনি ঝাড়তে ব্যস্ত

নয়তো দেশ বিদেশের নারীমুক্তি আন্দোলনের

ইতিহাস কপচাচ্ছে গরম গরম ভাষণে।

নিজে বাঁচাতে দুর্গাদের‌ই  অস্ত্র ধরতে হয়।

প্রতিরোধের ত্রিশূলে কচ্চিৎ অসুরবধ হলেও

প্রায়‌ই লাশ হয়ে দুর্গাকে যেতে হয় অন্তিম যাত্রায়।

মোমের মিছিল জ্বেলে দায়সারা প্রতিবাদ চলে

তারপর সেই এক‌ই অভিনয়ের পুনরাবৃত্তি

 

আবাহনী

ত্রিদিব রায়

 

সেদিন ছিল উদাসী খুশির পথভোলা এক

                      কাশফুলের সকালবেলা

কারণ ছাড়াই বুকের মধ্যে বেজে উঠছিল

                        অজানা এক অবহেলা।

সবুজ ধান খেতের বুক চিরে চলে যাওয়া

                          আলপথে হাঁটছিল মন

খাদ্য খোঁজে পক্ষীকুল ঘুমচোখে উড়ে যেতে

                             ডানা জোড়া মেলেনি তখন।

ধুলি কণা আলিঙ্গনে, তৃণদের নিবিড়  চুমুতে

                                বিচলিত পদ প্রান্ত দুটি

চিত্ত ও চেতনা স্মৃতি খোলা আকাশের নিচে

                                  পেতে চায় অনাবিল ছুটি।

পূবাকাশে ফুটি ফুটি অরুণোদয়ের  আভা

                                     অভ্যুদয় এই বুঝি হলো।

রাত ভর সুপ্ত থাকা  অনাঘ্রাতা  ফুলকলি গুলি

                                  এবার তোমরা চোখ মেলো।

এগিয়ে চলাই হ'ল চিরকাল পথের নিয়ম

                                      শুরু হলে হয় তার শেষ

দুঃখ ও সুখের সঙ্গে  বেহিসেব  অন্তরে বাহিরে

                                     বয়ে যায় নিবিড় আবেশ।

 

শুদ্ধতার জল

অসীম ভুঁইয়া

 

সন্ধেটা নিরুপদ্রব নয় আর

থমথমে অলিগলি

ভীষণই নিঃসঙ্গ

 

এই নির্জনতার একপিঠে লুকিয়ে থাকে চাঁদ

তার শরীর ঘিরে আর কলঙ্ক খোঁজে না কেউ

 

যে ফুলটি তার পাপড়ি ফেলে গেছে

গলির মাথায়

তার বুকে আজ অজানা বীজ

একলাটি বেড়ে চলে

 

একাকিত্বের অন্য পিঠে ধ্রুবতারা...

একটি উল্কার পতন শব্দে

নেমে আসে ভয় ও শৃঙ্খলা

এই বুঝি রাত্রিটা ভেসে গেল শুদ্ধতার জলে

 

একাকিত্ব

মনীষা কর বাগচী

 

আমার সম্পূর্ণ একাকিত্বটুকু জুড়ে ছেয়ে থাকো তুমি,

তোমার না বলা কথারা হুড়মুড় খেয়ে পড়ে

আমার গলায়, বুকে, পীঠে, তলপেটে লুটোপুটি খায়।

 

আমি অনুভব করি তোমার অস্তিত্ব আমার হাতের মুঠোয়।

কেমন আচ্ছন্ন হয়ে উঠি মোহনীয়, নির্নিমেষ, উত্তাল আবেশে।

 

তোমার সেই পাগলপন গিলে খায় আমার ভালো মন্দ ন্যায় অন্যায় বোধ।

 

তখন আমি তুমি, তুমি আমি একাকার,

চৌদিকে শুধু মুষলধারে বৃষ্টি আর কদমের সমাহার।।

 

অরণ্যের ডাক

মধুমিতা পাল

 

তোমার নির্জন ঘন সবুজ নিবিড় বন্ধন-

স্বপ্নচারণের প্রয়াসে রেখেছি তোমায় বুকে বেঁধে-

আ-জন্ম তাই...

তুমি সেই প্রেয়সী আমার...

সন্ধ্যাবেলার দীপ সঞ্চারী প্রদীপ-

আবদ্ধ মনে তোমায় পেয়ে উন্মুক্ত বাতায়নে-

তোমারই উল্লিখিত হৃদয়ের ছবি আঁকি ...

চকচকে রোদ্দুর মাখা সবুজ ঘন আঙিনা-

চঞ্চল কুহু কাকলির ডাক- হরিৎ প্রাঙ্গণ জুড়ে-

ফাগুন বসন্তের ঢেউ...

অভিসারে আমি শুধুই ছুটে চলি এ প্রান্ত- ওপ্রান্ত

সেই কুসুমিত তোমার আবেগী নিরালায়..

গহীন অন্তরে বিটপির সাথে লতায় পাতায়-

মিশে কথা বলি এক আকাশ হৃদয়ের স্নিগ্ধতা নিয়ে...

তুমি সেই মন খারাপি অনন্ত ভালোবাসা,

উদ্ভাসিত আবেগ, আর আকুল ভালোলাগা...

আমার হৃদয় মাতাল, উথাল পাথাল...

অরন্যের ডাকে তুমি...

 

জীবন ও প্রেম 

প্রহ্লাদ ভৌমিক

 

থামে না সময়,বয়ে বয়ে যায়,অসময়ও যায়

আর রাত শেষে এক প্রস্থ সকাল আঁকতে আঁকতে

বাধ্য ধারাবাহিকতা ভেঙে বিস্ময়ে ফিরে তাকাই দেখি ,

এই জীবনও মাথার ঘাম পায়ে ফেলে বয়ে যায়

অবিরাম আর অন্তরঙ্গ মুহূর্তগুলি ছুটতে ছুটতে

আমার ঠোঁটে এসে যেন অক্ষর হয়ে উঠছে ফুটে,

তখন সমস্ত পূর্বরাগগুলি দিয়ে প্রেমের স্বপ্ন আঁকি ।

 

এই প্রেমের ভিতরেই সর্বশক্তিমান ঈশ্বর বাস করেন !

এ সত্যি সত্যিই অনবদ্য ও আশ্চর্য এক স্বর্গীয় অনুভুতি

ও অনালোকিত সম্পর্কের এক নিঃশর্ত বিশ্বাস যেন এমন কোনও অসাধ্য কাজ নেই কোথাও

যা প্রেম কখনও করতে পারে না... ।

 

প্রেম সর্বত্রগামী,প্রেম নির্ভিক হয় নির্বাক ও নির্মম

রেশমের গুটি কাটা শুক কীটের মতোই আশ্চর্য

ও অভিনব রহস্যময় এই প্রেম ও তার মূল্যবোধ ।

 

এই বোধের ভিতরেই জীবনের অপূর্বতার এমন এক

গভীর গোপন গহন যার রূপকথার ভিতরেই এই পৃথিবী

আর এই পৃথিবীর ভিতরেই রয়েছে আরেক পৃথিবী ,

জীবন যেখানে স্রোতধারার মতো প্রবহমান

এবং প্রেম যেখানে এক অচেনা অসীমের অভিযাত্রী ।

 

আমি শিক্ষক

শংকর সামন্ত।

 

আমি সেই লোক

জীবনের ধারাপাতে আলো জ্বালাই ,

আমি প্রদীপের শিখা

সবার ঘরে অন্ধকারের অন্ধত্ব ঘুচাই,

আমার বিদ্রোহ--

জাতের লড়াই নয়,--

শিক্ষার আলো ,জ্ঞানের আলো,

চেতনার আলো জ্বালাই,

আমি চাই--

প্রতিটি হৃদয় জ্বলুক একটি আলোর শিখায়,

প্রতিটি মেরুদন্ড সোজা হয়ে দাঁড়াক,

প্রতিবাদের আগুন জ্বলুক ঘরে ঘরে,

শিক্ষার আলোয় ভেসে যাক ্--

মানবতার আলো, শিক্ষার আঙিনা,

মুক্ত হোক -কুসংস্কারের বেড়াজাল,

পরাজিত হোক সমস্ত অন্ধকার।

আমি সমাজ গড়ার কারিগর,

সময়ের বুকে রেখে যাবো-অমর স্বাক্ষর-

 

শরৎ কাশে 

 সুমিতা চৌধুরী

 

সকালে শিশিরস্নাত

  কাশেরা খুশিতে চামর দোলায়,

কেউ বুঝি দিয়েছে বার্তা,

   মা আসছে আলতা রাঙা পায়ে।

 

মনের মাঝে অপু-দূর্গার

  শরৎ কাশের ছবি,

ফেলে আসা দিনের আল্পনা আঁকে,

   অস্তরাগের রবি।

 

 চিরচেনা সুরে চণ্ডীপাঠের স্তোত্র,

   দ্বার খোলে আগমণীর ভোর।

 অরুণালোকে আবাহন করে,

    উৎসবেরই প্রান্তর।

 

শিউলি বিছানো পথখানি বেয়ে

   সোনা রোদ দেয় উঁকি,

 পদ্ম শালুক হাসে হিল্লোলে,

     পঙ্ককে দিয়ে ফাঁকি।

 

 শরৎ মানেই শারদীয়া,

   মনেতে খুশির মেলা।

 মিলনমেলার প্রাঙ্গণ জুড়ে,

    সাজে উৎসবের ডালা।।

 

বিরহ পয়ার

দিলীপ জানা

 

তোমার নীরবতা একান্তে শব্দ শেখায়

খসে পড়া তারার মতো সম্পর্কের আলপথে

হাঁটতে হাঁটতে হয়ে ওঠে হলুদ পাতা।

সিঁদুর রঙা বিকেলে ঘাঁটি গাড়ে

বিমুগ্ধতার কিশোরী সন্ধ্যা।

ঘিরে থাকা জীর্ণ বাতাস

স্পর্শকাতর হয়ে পড়ে প্রলয়ের অপেক্ষায়।

প্রতিশ্রুতির চতুর্থীর চাঁদ

সোহাগ মাখে তোমার ফর্সা পায়ে,

ঝিমানো নক্ষত্রের বিষন্নতায়।

ছুঁয়ে থাকা শরীরে লক্ষ যোজন দূরত্ব

উপন্যাসের চরিত্রের মতো অপেক্ষ্যমান

সকালের শিশির কুচির মতো

উজ্জ্বল অথচ এক পলক নিমেষ

রচনা করে বিরহ পয়ার।

 

অপরাজিতা

বিরথচন্দ্র মণ্ডল

 

অপরাজিতা ফুল ছুঁয়ে দেখিনি কখনো।

দেখেছি বিমর্ষ প্রভাত সময়, একান্তে

খুঁজেছিল আকাশের পথে, যেন বাগানের

হারিয়ে যাওয়া অগাধ শপথ।

 

বেবাক জলের নীচে বিপন্ন পাকা ধান কাঁদে।

যে কৃষক  সবুজ সংসার গড়েছিল, বাঁই বাঁই

ঘূর্ণিঝড়ে উড়ে গেছে, ভেসে গেছে ধানের কঙ্কাল।

আজ এই শুণ্য দেওয়ালে অপরাজিতা ঝুলে

কী সুন্দর ফুল! প্রকোষ্টে লেখা আছে নাম....

সে আমার বাগানে ফোটা হারানো বকুল।

তাকে আমি কিকরে ফেরাই ?

 

মা

নবনীতা সরকার

 

যতখানি অন্ধকার পারি দিয়ে উপহার দাও

এক পৃথিবী হাসি অথবা আলোর ভোর ,

ততখানি নিজেকে পুড়িয়ে তোমার দু চোখে

উথলে পড়ে ফেনিল আনন্দ

দুধের দাম মেটানোর অছিলায়

সোনার হার গড়িয়ে দেয় যে সন্ততি

তার কাছে জমানো আছে আগামীর চড়া সুদ ,

আমাদের বরং নিত্যকার সংসার ভেসে যাক একাদশীর আলোয় ...

তুমি এসে গুটিগুটি পায়ে পিঠে হাত রেখে

চুলে বিলি কেটে বলো"ভাত দেই "?

 

তারপর কাটে একযুগ ...মায়েরা রোজ আসে

রোজ ভাগফল,ভাগশেষের হিসেব নিকেশ

তবু ভরে না পেট ,নেভে না সর্বগ্রাসী আগুন

মায়েদের শুকনো ঠোঁটে লেগে থাকে ভেজা হাসি।

 

শ্রাবণ মেঘের দিকে চেয়ে রইলাম

স্বাতী সাহা

 

খুব মনে পড়ে তোমার কথা

বলত আমার কি দোষ ছিল

আমাকে গ্ৰীষ্মের চড়া রোদ দিলে

আমার বহ্নিশিখা ঝরে গেল

আষাঢ়ের ঝড় দিলে

আর আমি শ্রাবণ মেঘের দিকে চেয়ে রইলাম

শরৎ এলো, আবার ফিরে গেল

তুমি এলে না

অপেক্ষায় নীল আকাশ।

এখন খুব শীত

খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে

অন্ধকারে থাকতে বেশ লাগে

এটাই নিয়তি

তোমার দেওয়া শ্রেষ্ঠ উপহার

তোমাকে ধন্যবাদ।

 

পিতৃত্ব

সুদামকৃষ্ণ মন্ডল

 

খুলে দেখো নিজেকে

অনেক কিছু পাবে

যা দেবার দিয়েছে উজাড় করে

ওর মধ্যেই তোমার সবকিছু

আশি ফোঁটা রক্তে ক্ষীণতর তুমি

জয়ের অভিলাষে সানন্দ পরিভ্রমণ

উৎফুল্লতা চারিপাশ ঘিরে

তোমারি জয় জয়কার

এত ফুল বিকশিত তোমার জন্য

এত আলোর বিকিরণ খেলা করে

পাখিরা সুরে সুরে গায়

এক ফালি চাঁদে রাত হয়েছে বিস্ময়

সময় হয়েছে মধুমাস

এগোতে দিয়েছে নিবিড় শপথ

তোমাতে আবিষ্কার চিরজাগ্রত

নিভৃত চারণে স্ফীত হাসে

তোমার সঙ্গী তুমি নিজেই

জাগাও পাবে  উষ্ণ প্রেমের স্বার্থক জীবন

 

আজ উৎসব

উৎপলেন্দু পাল

 

নতুন কাপড়ের ভাঁজে ভাঁজে

খুঁজে ফিরি লজ্জাহীন ছবি

পুষ্পাঞ্জলির ফুল বেলপাতায়

লেগে থাকে মৃত‍্যুর সুবাস

মহাভোগের শালপাতার বাটি

যেন কুরুক্ষেত্রের রণপ্রান্তর

পথ চলতি মানুষের কানে কানে

উল্লাসে বেজে ওঠে রুদালীর সুর

উৎসব মুখর ক্ষয়িষ্ণু রাত জুড়ে

শুধুই নক্ষত্রপাতের আওয়াজ

বিসর্জনের মিছিলে বেজে ওঠে

বেনারসী মুজরার দরবারী ঠাঁট

আজ রাতভর শুধু নিমগ্ন সঙ্গম

ভোর ভোর মৃত‍্যুর আকাঙক্ষায়।

 

প্রথম রোদ

মনিকা চট্টোপাধ্যায়

 

কালো মেঘের পর্দা সরিয়ে তুমিই তো সেই প্রথম রোদ,

ক্লান্ত মনের গহিন কোণে মিটিয়ে দাও সব খেদ।

তুমি আমার 'আমার আলো', জীবন পথের দীপশিখা,

তোমার জ্যোতিতেই কি আমার ভাগ্যরেখা যায় লেখা?

 

ঝড়ের রাতে দিশাহারা তরণীর ওই কাণ্ডারী,

তোমার আলোর দীপ্তি দেখেই পার হয়ে যাই নদীর পাড়ি।

মন-খারাপের নীরব প্রহরে তুমিই ভোরের মিঠে গান,

তোমার আলোতেই তো খুঁজে পায় বেঁচে থাকার প্রাণ।

 

হতাশার এই অন্ধকারকে দূর করে দাও এক নিমেষে,

তুমি থেকো আমার হয়েই এই জীবনের শেষ নিশ্বাসে।

তুমিই আমার সহস্র প্রদীপ, তুমিই ভোরের সোনালী আলো,

তোমার প্রভায় বিশ্বজগৎ লাগছে আজ ভীষণ ভালো।

 

প্রত্যাখ্যান

রুমকী দত্ত

 

এ চত্বরে যত নারী আছে

সকলে তোমার প্রেমিকা হতে চেয়েছিল,

অথচ তুমি প্রেমিক হতে পারলে না!

তুমি পুরুষ হতে চাইলে

তাই তুমি প্রত্যাখ্যাত

প্রতি দ্বারে, বারে বারে!

পরজন্মে পারলে প্রেমিক হো'য়ো

দেখো অবজ্ঞা নয়,

তোমার জন্য সমাজের চোখ জুড়ে

থাকবে সম্ভ্রম!

 

যা ফেলে দিতে পারিনি

রাধামাধব মুখার্জী

 

মানুষ বড় শৌখিন।

সে শুধু পুরোনো চিঠি, ডাকটিকিট, বা রঙিন কাঁচ জমিয়ে রাখে না।

সে জমিয়ে রাখে কিছু না-পাওয়া, কিছু প্রত্যাখ্যান, কিছু অভিমান।

যে অপমান ভুলে যাওয়ার কথা ছিল, মানুষ তাকেই সবচেয়ে যত্নে রাখে।

মাঝে মাঝে মনে করে।

আবার ভাঁজ করে বুকের ভেতর রেখে দেয়।

সুখ সময়ের সঙ্গে হালকা হয়ে যায়।

কিন্তু একটা কষ্ট বছরের পর বছর একই জায়গায় থেকে যায়।

মানুষ আঘাত পেলে কাঁদে।

তারপর আঘাতটা সেরে ওঠে না—

নিজের ভেতর একটা ঘর পেয়ে যায়।

মানুষ বড় শৌখিন।

ভাঙা জিনিস ফেলে দিতে পারে।

ভাঙা মন পারে না।

 

বৃষ্টি

প্রান্তিক কাপড়ী

 

তোমার থেকে দূরে থেকেও ,

আজও তোমার চেনা পথে হাঁটি ।

উন্মুক্ত ঠোঁটে তোমার নাম নিয়ে ,

সময়ের ঝরা পাতায় শুধুই তোমায় ভালোবাসি ।

আঁধার নামলে মোমবাতি জ্বালি,

উষ্ণতার সেই আলোতে আমার আনমনা মনে তোমায় ভাবি।

দিগন্ত জুড়ে ঘন কালো মেঘেদের মাঝে ,

আমার পিপাসিত মন শুধু তোমাকেই খোঁজে।

শুধু "বৃষ্টি হয়ে ঝরো" অঝোরে আমার দুয়ারে ,

বারোমাসি স্বস্তির নিঃশ্বাসে রাখবো তোমায় হৃদয় মাঝারে ।

 

জন্মদিন

সুমিতা মুখোপাধ্যায়

 

দারুণ কুঠারের ছিঁড়ে দিয়েছো দড়ি

হয়েছি পরিচয় হীন

কান্নায় আর অভিমানের তামাসা ভরা মধ্যবিত্ত আকাশ পেরিয়ে সদ্য বসা কবির নিকট,

ধূলিধূসর জানলার কাচ পেরিয়ে  গুটিসুটি বিকেল আমার পাশে এসে বসল এক

ক্লান্তিহীন জমাট শব্দহীন এক ফালি মেঘ নিয়ে,

চারপাশে শিলাজতুর মত গলে পড়ছে ঘামে ভেজা জঞ্জাল,

ফেলে আসা বয়সের ভারে স্মৃতি শুধু গোলাবর্ষণ

আবার এক ধাপ পেরিয়ে বয়স জানান দিল তাঁর শান্ত পশ্চিমরণাঙ্গণ বিছনার চারপাশে

জিদের কঠোর শুদ্ধ পাকে জ্বলে উঠছে হাজার হাজার সূর্যমুখী!

কষ্ট হচ্ছে কবির ভ্রূক্ষেপ নেই!

জন্মতিল জড়ুল মুদ্রাদোষের মত আজন্মের জন্মদিন বুকে করেই বাড়ি ফিরি যেভাবে এসেছিলাম।

 

খোঁজ রাখো শব্দ

ইদ্রিস মণ্ডল

 

কোথায় যায়, কখন বাড়ি আসে—খোঁজ রাখো।

আধুনিকতার এই সময়ে দেশের নানা প্রান্ত থেকে উড়তি বয়সের কত ছেলে-মেয়ে পড়াশোনার স্বপ্ন নিয়ে আসে ঢাকা শহরে। চোখে থাকে বড় হওয়ার আকাঙ্ক্ষা, মনে থাকে নতুন জীবনের রঙিন স্বপ্ন। শহর তাদের নতুন পথ দেখায়, নতুন মানুষ চেনায়; কিন্তু প্রতিটি পরিচয় যে নিরাপদ, তা নয়।

 

অচেনা মুখের হাসি, মিষ্টি কথার টান, বন্ধুত্বের সহজ হাতছানি—কখন যে ভুল পথে নিয়ে যায়, বোঝা যায় না। কেউ কেউ নিজের অজান্তেই জড়িয়ে পড়ে অচেনা সম্পর্কের জালে। তারপর চুরি-ছিনতাই, ডাকাতি, গুন্ডামি, নিষিদ্ধ দলের টান, নেশার অন্ধকার, বারে যাওয়ার মোহ কিংবা অপরাধের হাতছানি—একটি ভুল পদক্ষেপেই মুছে যেতে পারে অনেক দিনের স্বপ্ন।

 

তাই আধুনিক হও, সময়ের সঙ্গে চলো; নতুনকে গ্রহণ করো, কিন্তু নিজের মূল্যবোধকে বিসর্জন দিয়ে নয়। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়; স্বাধীনতা মানে ভালো-মন্দ বুঝে নিজের পথ নিজে বেছে নেওয়া।

 

সন্তানের পাশে থাকো, তার কথা মন দিয়ে শোনো। তার বন্ধুদের চেনো, সে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কখন বাড়ি ফেরে—খোঁজ রাখো। শুধু শাসন নয়, ভালোবাসা দাও; শুধু ভয় নয়, বিশ্বাস দাও। কারণ কাছে থাকা মানুষটির কথাই অনেক সময় বিপথে যাওয়া একটি জীবনকে ফিরিয়ে আনতে পারে।

 

আধুনিকতা হোক আলোর পথ, অন্ধ অনুকরণের নয়। স্বপ্ন হোক বড়, কিন্তু শিকড় থাকুক মাটির কাছেই। সময়কে বুঝে চলো, নিজেকে চিনে চলো, নিজের ভবিষ্যৎ নিজের হাতেই গড়ে তোলো।

 

কোথায় যায়, কখন বাড়ি আসে—খোঁজ রাখো।

 

প্রান্তরেখা

অনুপম বিশ্বাস

 

কাশের শুভ্র ঢেউয়ে ভেসে আসে উৎসবের পদধ্বনি,

শিউলির গন্ধে ভোর জাগে, আলোকিত হয় নগর।

তবু শহরের প্রান্তে এক কুটিরের ম্লান উঠোনে

ক্ষুধা গোপনে গুনে চলে শরতের দিনক্ষণ।

মৃৎপ্রতিমার চক্ষুদানে জ্বলে ওঠে দেবীর দীপ্তি,

আর ভাঙা চালের নিচে শিশুর চোখে জমে থাকে অন্নের আকাঙ্ক্ষা।

ঢাকের উন্মত্ত ছন্দ ছড়িয়ে পড়ে জনপদের অলিগলিতে,

কোনো মায়ের আঁচলে তখনও জেগে থাকে অভাবের দীর্ঘশ্বাস।

ধূপের ধোঁয়া উঠতে থাকে আকাশের নীলিমা ভেদ করে,

প্রান্তিক ঘরে চুলোর আগুন খোঁজে একমুঠো শস্য।

উৎসবের আলোকমালার বাইরে যারা অদৃশ্য থেকে যায়,

তাদেরও চোখে জ্বলে উঠুক সমান অধিকারের প্রদীপ।

বিসর্জনের জলে ভেসে যাক বৈষম্যের পুরোনো আবরণ,

মায়ের আগমন পূর্ণ হোক মানুষের মুখের হাসিতে—

যেখানে শারদীয়া কেবল মণ্ডপের নয়,

প্রতিটি ক্ষুধার্ত ঘরেরও উৎসব হয়ে ওঠে।

 

ব্যাকুব

ইলা সরকার

 

যেসব উজবুক খোঁচা মারে

তাদের চিনছি হাড়ে হাড়ে।

তারা ভারী অসামাজিক

নেই হিতাহিত জ্ঞান এতটুক।

মন বলে কোন পদার্থ নেই

মানুষ নামে কাজে কই?

চিরকাল সহ্য করে করে

ত্যাগ করেছি এদের একেবারে।

শেষের দিনে সাধন ভজন চালিয়ে

কিছুটা পরের যাই জ্বালিয়ে।

বোঝো এবার ঠ্যালা

কখন আসে কার পালা।

 

শিক্ষকের লাঠি                                                

বিজয় দে

 

শিক্ষকের হাতে এখন আর লাঠি থাকে না।

থাকে মার্কার, থাকে ল্যাপটপ, থাকে স্মার্ট বোর্ড।

 

কিন্তু আমাদের ছোটবেলায় থাকত একটা লাঠি।

শুধু একটা লাঠি নয়, ওটা ছিল একটা ভয়, একটা ভরসা, একটা সীমানা।

 

ওই লাঠিটা কখনো পিঠে পড়ত না, পড়ত বেঞ্চের ওপর - ঠক শব্দে।

আর সেই শব্দেই আমরা সোজা হয়ে বসতাম।

বানান ভুল লেখা খাতাটা ঠিক হয়ে যেত, নামতা ভুল বলা ছেলেটা হঠাৎ সব মনে করে ফেলত।

 

লাঠিটা আসলে মারার জন্য ছিল না।

লাঠিটা ছিল মনে করিয়ে দেওয়ার জন্য -

"জীবনে একটা সোজা দাগ আছে, সেই দাগ থেকে সরে যেও না।"

 

আজ বুঝি, স্যার যখন লাঠি উঁচিয়ে ধরতেন, তখন তিনি আমাদের ভয় দেখাতেন না, আমাদের আগলে রাখতেন।

পৃথিবীর সব খারাপ, সব বাঁকা পথ থেকে আমাদের একটা কাঠের টুকরো দিয়ে আড়াল করে রাখতেন।

 

আজ স্কুলে লাঠি নিষিদ্ধ।

খুব ভালো কথা। শিশুদের গায়ে হাত তোলা উচিত নয়।

 

কিন্তু কোথাও যেন একটা লাঠির অভাব বড্ড টের পাই।

যে লাঠিটা কাউকে মারবে না, শুধু ঠক ঠক শব্দে মনে করিয়ে দেবে -

বাবা, ভুল করছো, সোজা হয়ে বসো।

 

সেই লাঠিটা আজ আর কোনো শিক্ষকের হাতে নেই,

সেই লাঠিটা আর মানুষের বিবেকটা আজ  স্মৃতি।


দু নৌকায় পা

নীলোৎপল জানা

 

কোন দিকে যাই বল?

আমি কিছু করি না বলেই তুমি অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছো বহুকাল।

তুমি তো একদিন বলেছিলে আমি নাকি তোমার জীবনের ধ্রুবতারা?

আমি নাকি তোমার জীবনে আসার পর

তোমার গাড়ি, বাড়ি, অর্থ, ধন-সম্পদ....

এমনকি তোমার মান সম্মানও বৃদ্ধি পেয়েছে!

তুমিই তো একদিন বলেছিলে…

আমাকে না দেখলে তোমার জীবন শূন্য মনে হয়,

আমাকে না পেলে জীবন অপূর্ণ থেকে যেত..

বলোনি,বলো? বলেছিলে তো?

আজ সেই তুমি আমাকে এক মুহূর্ত দেখতে পারো না,

কথায় কথায় আমার নানা দোষ ধরে তুমি কি আনন্দ পাও?

তুমি কি বোঝো না আমি কোনো দেবী নয়, দেবী হতেও চাই না

কী এমন ঘটল জীবনে? জীবনের গতিপথ আজ উল্টো পথে....

আজ আমি কোথায় যাই বলো?

দু নৌকায় পা দিয়ে কি জীবনে ভালো থাকা যায়?

 

 মক্তগদ্য

 একটি কোজাগরীর নিভৃত দহন অথবা মুক্তি বিষাদ

খুকু ভূঞ্যা

 মনে হয় অন্ধকার ছিঁড়ে ছিটকে পড়েছিলাম রাধারানীর সংসারে। রাধারানী আমার মা। দুঃখিনী মা। আমার বাবা রবীন্দ্রনাথ। পাড়াপড়শীরা সবাই রবি বলে ডাকে। নাম যার রবি তার কখনো সূর্যের সঙ্গে দেখা হয়নি। কপালে ফাটল নিয়ে নিজেকে নিজের মতো ক্ষয় করেছে। খরচ করেছে। কখনো মনে হয়নি বউকে একগোছা  ঘাসফুলের মতো  সুন্দর করব। ,মনের ফুলদানীতে সাজিয়ে আঁজলা  আঁজলা প্রেম-ভালোবাসা মমতা কিংবা নির্ভরতা ঢেলে দেব। সেই জন্য মায়ের কপালে জোটেনি গোটা একটা শাড়ি। বাঁশ খড়ের একটা পরিপূর্ণ ঘর। অথবা হাঁড়ি ভর্তি চাল। টিন ভর্তি মুড়ি। হতভাগিনী, মা হবার পর স্বামীর সঙ্গে শুধু ভাতের জন্য ঝগড়া করেছে, মার খেয়েছে, গালিগালাজ খেয়েছে।

 তিন ভাই বোনের আমি বড়ো। আশ্বিনের কোজাগরী  পূর্ণিমায় জন্ম আমার। অথচ চাঁদ আমাকে কোলে নিতে আসেনি কোনোদিন। তার নির্মল স্নিগ্ধ আলো দিয়ে ধুয়ে  দেয়নি আমার অশ্রু খিদে কিংবা মায়ের দুর্ভাগ্য ললাটের কালসিটে রেখা। রাত গভীর হলেই, একজন যোগ্য স্বামীর জন্য, দায়িত্ববান পিতার জন্য, স্বামীর সঙ্গে কলহ হতো সারারাত। আমি ঠাকুমার বুকে মুখ খোঁজে চুপটি করে পড়ে থাকতাম। আর নিজেকে প্রশ্ন করতাম, পাশের ঘরের লতা মিঠাদের ঘরে ঝগড়া হয় না, আমার ঘরে ঝগড়া হয় কেন? প্রশ্ন করলে ঠাকুমা বলতো, বড় হ। সব বুঝবি। এখন থেকে অত বুঝে কাজ নেই। অনেকগুলো জীবনে একটা গ্রহণকাল চলছে, এই যা। প্রশ্ন করেছি গ্রহণ কী? জবাব পেয়েছি সময়ে বুঝে যাবি। বোধকরি সেই গ্রহণ কাটাতে বাবা ঘর বদল করেছে সাত থেকে আটবার। এ পাড়া থেকে সে পাড়া। এ গ্রাম থেকে সে গ্রাম। খুঁটো ছাউনি খুলে ঘরের উপরের অংশটুকু নিয়ে পুনরায় ঘর করেছে বাবা। মা কাদা চটকে বেড়া  ছিটেছে। ছঁচ লাতা ঘষে ঘষে তকতকে করেছে উঠোন। বাবা কিছুদিন পর সেই জায়গা বিক্রি করে আবার অন্য জায়গায় ঘর করে ভেঙে দিয়েছে মায়ের ঘর। ফলে শৈশবে মাকে ঘর সাজিয়ে হাসতে দেখিনি কোনোদিন। শুধু কান্না। শুধু কলহ ঝগড়া। কখনো সহ্যের বাঁধ ভেঙে ফেলে ছুটে গেছে দড়ি ফলিডল নিয়ে। মায়ের পা ধরে ফিরিয়েছি আত্মহত্যার মাঠ থেকে।

 তখন সাত কি আট বছরের আমি।  যাযাবরের মতো ঘুরছি পরিবারের সঙ্গে। দেশের বাইরে নয়। একটি দুটি গ্রামের মধ্যেই। বাবার এই গুণটির জন্য লোকেরা বাবাকে নিয়ে ব্যঙ্গ তামাশা করত। এক কথায় দু কথায় বাবার সঙ্গে তাদের তুমুল লেগে যেত। মা ঠাকুমা গিয়ে সামাল দিত। ছোটোবেলা থেকে বাবাকে একটি সুস্থ  চিন্তা করতে দেখিনি। যার কারণে মা স্বস্তি  পেয়েছে। ঠাকুমা হেসেছে। কিংবা সন্তানদের ভবিষ্যৎ আলোকিত হয়েছে। বোন তখন খুব ছোটো। আমি  ভাই স্কুলে ভর্তি হয়েছি। বই নেই স্লেট খড়ি নেই। তবে মাষ্টারমশাই আমাকে খুব ভালোবাসতেন।

আমার চোখের দিকে তাকিয়ে  গাল টেনে চুমু খেয়ে বলেছিলেন, কার ঘরের দুখিনীর আলো রে তুই? এ যে অমূল্যরতন। তোর মাকে দেখা করতে বলিস তো।

 মার সঙ্গে দেখা করলেন একদিন। আমিও সঙ্গে ছিলাম। আমাকে দেখিয়ে মাকে  বললেন,  তুমি রত্নগর্ভা। এ মেয়ে সাধারণ নয়। এর যত্ন কোরো।

পাংশুমুখে মা হেসেছিল মাত্র। বাবাকে জানালে বাবা কোনো  গুরুত্ব দিল না। কেনাবেচা গৃহ ভাঙ্গা গড়া ব্যতীত কোনো  কিছুতে ধ্যান নেই। সেই কর্মের মধ্যে  বাবা কি যে পেয়েছিল আজও তার উত্তর পাইনি। অভাব অনটন দারিদ্রতা নিয়ে তিন ভাই বোন বড় হতে লাগলাম। তবে এর মাঝে ঠাকুমাকে পেয়েছিলাম বটবৃক্ষের মতো। ঠাকুমা ছিল দৃঢ় সংযমী শক্তমনের মানুষ। সংসারের দুর্দশা দেখতে দেখতে ভাঙা স্লেটে ছড়া লিখতাম এলোমেলো। লিখে ঠাকুমাকে শোনাতাম। ঠাকুমা কি খুশি হতো  সেই ছড়া শুনে। অথচ বাইরে ঠাকুমা নিজের নাম টুকু কোনরকম পারত। অক্ষর জ্ঞান ছিল না বললেই চলে।। কিন্তু বোধ ছিল অসীম।আমার আত্মজীবনীর বেশ কিছুটা দেখেছি। তাতে বিস্তারিত অনেক কিছুই লেখা আছ। সেখান থেকেই আমার অক্ষর বীজ সৃষ্টি হলো। আমি লিখতাম ঠাকুমা শুনত।উৎসাহ দিত। আরো লিখতে বলত। যখন বলতাম পারব না অমনি  বলতো, একবার না পারিলে দেখো শতবার। চাঁদের দিকে তাকাতে বলতো। আলোর দিকে তাকিয়ে জলপান করতে বলতো, যাতে কিছু আলো ভেতরে চলে যায়।

 ২০০০ সাল। ঠাকুমা নিভে গেল। ২০০১ সালে আমি মাধ্যমিক দিলাম। ২০০৩ সালে খরজৈষ্ঠ্যের কোনো এক দিনে কেউ সিঁদুর পরিয়ে তার ঘরে নিয়ে গেল। সেই খড়কুটো ঘর। সেই বিবর্ণতা আমার পিছন ছাড়ল না। বি এ পাস বেকার যুবকের চোখে ডুবে আছে আরো এক অন্ধকার ভবিষ্যৎ। প্রযন্ম। কার ওপর অভিযোগ করব? কার ওপর করব আক্ষেপ অভিমান? না কারো ওপর আমার কোনো অভিযোগ নেই। যত ক্ষোভ আক্ষেপ দ্রোহ দহন সব নিজের ওপর। যা কলসির মতো ভরে অক্ষরের চরণে সমর্পিত করেছি। এটাই আমার আজ ও আগামীর মুক্তির পথ বা অধঃপাতের। অক্ষরের মতো এ যাবৎ কাউকে আর ভালোবাসতে পারলাম  না। সংসারের প্রতিটি কণাকে বুকে জড়িয়ে নিভৃতের হেরে  যাওয়াগুলি লুকিয়ে রাখি পাতায় পাতায়। গুরুত্ব পায়না কারো কাছে। শুধু আমি তাকে রাধার মতো ভালোবাসি হে আমার নিভৃত অক্ষর দহন ---

 

এ মরণ দুপুরে

অলক জানা

ভালোলাগা কবিতা ও কবিতার বিশেষ বিশেষ কিছু মন ছুঁয়ে থাকা লাইনের তালিকা আমার মতো অনেকের আছে, এবং সেটা আমি মনেপ্রাণে বিশ্বাসও করি। ব্রহ্মাণ্ডের এতকিছু কর্মকাণ্ডের মধ্যে আমি কেবল কবিতা লিখতে চেষ্টা করি মাত্র। এই নেশা আমার ক্ষেত্রে এতটাই অন্তর্মুখীনতার প্রলেপ দিয়েছে যে, তাকে ভেদ করে না হতে পারলাম যোগ্য স্বামী, না আদর্শ বাবা না জোটাতে পারলাম স্থায়ী রোজগারের কোন চাকরি। কবিতার জন্য এই ত্যাগ কৃচ্ছ্রসাধন বাংলাসাহিত্যে নেহাতি বিরল ঘটনা নয়। প্রচুর প্রচুর ল্যাইব্রেরি ভর্তি বই-বৈভবে এমন কাহিনি সংরক্ষিত। নিজেকে সেই রকম দৃষ্টান্তের স্রোতে ভাসানোর ধৃষ্টতা নেই বটে কিন্তু অনেকটাই ব্যতিক্রমী। তো “আশায় বাঁচে চাষা” প্রবাদের জায়গায় আমি বলি : “নেশায় বাঁচে কবি।” আশা এবং নেশা শব্দ দুটোর মধ্যে অর্থগত ও চরিত্রগত তফাত কতটা তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমি ব্যক্তিগত ভাবে নেশায় বাঁচি। এই নেশা যেদিন আমার মধ্যে সমস্ত রকম সক্রিয়তা বাদ দিয়ে, আত্মসমর্পণ করে বিকারগ্রস্ত হয়ে পড়বে, সেদিন আর আমার কোন প্রয়োজনীয়তা থাকা উচিত নয় বলে আমি মনে করি। এই লেখালেখি অনেককিছু কেড়ে নিলেও যেটুকু দিয়েছে তার জোরেই তো এখনো বুকভরে শ্বাস নিতে পারি।

 “এ মরণ দুপুরে /যদি কেউ একগোছা ফুল দেয় /ভালোলাগে তাকেও” যত দূর জানি এই পংক্তিটির বয়স প্রায় দুই দশক হবে। এই গুটি কয় শব্দকে দশ বিশ পাতা বিশ্লেষণ করলেও বোধহয় অন্তরে অতৃপ্তি থেকেই যাবে। শুধু বলি : এই কথাগুলো আমার কাছে এক পরমব্রত নেশার মতো কাজ করে। তার ফলে হয়তো জীবনযাপনের বহুকিছু বিধিনিষেধ সহ্য করে ক্ষমা পেতে ও ক্ষমা করতে পরিস্থিতি শিখিয়ে পড়িয়ে নিয়েছে। হোক সে আমার শত্রু। আমার চোখেরবালি। আমার অন্তহীন অসাহায়তার মাঝে সে যদি এসে আমাকে বেঁচে থাকার বিশ্বাসটুকু জোগায় তাকে না ভালোবেসে কীভাবে থাকি। যতই নিষ্ঠুর হোক না কেন মৃত্যুকালীন মানুষ নির্ভেজাল সত্য ও সুন্দরের পূজারি। তো সমস্তরকম ছলনা বাদ দিয়ে সে তো বার বার ছুঁয়ে থাকা হাতটা আঁকড়ে ধরতে চেষ্টা করবে এটাই স্বাভাবিক নিয়ম। সেদিক দিয়ে আগে বলা শব্দমালা সেই নিরাময় দিকেরই নির্দেশক।

 লেখার দরুণ বন্ধু সার্কেল নেহাত কম নয়। ২০২৩ মে-র ২ তারিখ বাইক নিয়ে খুব বাজে ভাবে ডান পায়ে চোট। তারপর তিন বারের অস্ত্র প্রচারে কোন রকম উঠে দাঁড়াতে না দাঁড়াতে আবারো চলতি বছরের ১৭ আগস্ট সোমবার বাড়ির পাথুরে মেঝয় পা পিছলে পড়ে ডান পায়ের ফিমার দু-খণ্ড। অস্ত্রপ্রচার অষুধ সেবন, আবারো সেই একপৃথিবী খাটিয়ায় বসে বন্দী দশার অদৃষ্ট লিখিত পরীক্ষা দিচ্ছি। এই বিপন্নতার মাঝেও শত সহস্র ব্যাস্ততা সরিয়ে নার্সিংহোম থেকে বাড়ি যাদের সমুজ্জ্বল উপস্থিতি তারা আমার নিকট এক একজন নিরাময়সূচক অসুধ অথবা শিশির মাখা ভোরের ফুল। যা আমাকে প্রত্যাশা ও বেঁচে ওঠার প্রেরণা জোগায় প্রতিনিয়ত। চিত্রী কমল বিষয়ী, সমাজকর্মী তৃপ্তি নায়েক সাংবাদিক শ্যামল সেন কবি আশিস মিশ্র কবি লক্ষ্মীকান্ত মণ্ডল সহ আমার আত্মা আমার ভাই সুভাষ মাইতি ও অসিত মেইকাপ প্রমুখ।  তৎসহ প্রিয় ছাত্রছাত্রী গার্ডিয়ান এবং বাড়ির লোকজন তো আছেনই। রক্তের সম্পর্কের মধ্যে অনেকেকেই পাশে পেয়েছি কিন্তু যারা আমার অক্ষর যাপনের সহযাত্রী তাদের ঋণ কীভাবে শোধ করবো ?

 যে জটিলতা নিয়ে প্রহর খরচ করছি  আমি ও আমরা তাতে সর্বাধিক একটা অসহায়তা যেন ছায়ার মতো সর্বক্ষণের সঙ্গী আমাদের । তাকে এড়িয়ে যায়, সাধ্য কার ? কাজেই এই দীর্ঘ খ্যানখেনে মুহূর্তের পাড় ভেঙে একটু স্বস্তি আসুক, একটু ভরসা নিজের খেয়ালে ডানা মেলুক কে না চায় ? আর তা যদি বিপন্ন মানুষ একবারটি পেয়ে যায় তবে সেই বহনকারী শত্রু হোক কী মিত্র হোক ঈশ্বরের সম্মানে তাকে বসাতে আমি অন্তত দুবার ভাববো না। ভাইরাস এখন আমাদের বসত গ্রহের সর্বত্র। ফলত সবাই এখন সচেতন হতে শিখছে যে কে কতখানি সংক্রামক ভবিষ্যতের জন্য সঞ্চিত রাখবে। কারণ বিপন্ন হাতের নখ, আত্ম-পর ভুলে গিয়ে আঁচড়ে রক্তপাত করে। সংক্রমণের পরই আমাদের চেতনা ক্রাইসিস অনুভব করে বেশি। তখন সবকিছু প্রায় হাতের বাইরে চলে যায়।

 প্রাগশূন্যদশকের কবি লক্ষ্মীকান্ত মণ্ডল যথার্থই লিখেছিলেন এই অমোঘ লাইন। আজ কত সত্যি এবং প্রাসঙ্গিক। প্রতিটি রাষ্ট্র দেশের গণ্ডি ছাড়িয়ে এই আর্তি আবেদন, যেন প্রতিটি মানুষের শেষ উচ্চারণ। কিচ্ছু চাই না, জমিবাড়ি টাকা দরকার নেই কেবল বাঁচতে চাই। অভিশপ্ত বিপন্নতা  মুক্ত এক চিলতে জীবন নিয়ে আমরা বাঁচবো। বাঁচতে দাও হে দয়াময় ! সুতরাং মরণ দুপুর, অর্থাৎ অসহ্য অসহায় সময়ে, যদি কেউ নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ভরসার কথামালা সাজায়,  শিয়রে হাত রেখে চোখের  জল মুছিয়ে দেয় তারা তো পবিত্র ফুলেরই আর এক রূপ। কাজেই নতুন ভাবে বাঁচার আনন্দে সুন্দর বা কুৎসিত মিত্র বা ভাইরাস যুদ্ধ যাই হোক না কেন তাকে ভালোলাগার ইচ্ছে একটি সহজাত সম্পদ। তো সুযোগ এলে তার যোগ্য ব্যবহার আমি সহস্রবার করতে রাজি।

 

রম্যরচনা

 

ভোট গাড়ী

তারকনাথ সাহা

 

বাইরে হাঁক ডাক শুনে, পালকির পা গজানোর মত‌, ছেঁড়া গেঞ্জিটা গায়ে দিতে দিতে ঘরের আগড় খোলে 'গজা'। গজানন ঈয়া বড় বড় চোখ দুটো দিয়ে ড্যাপড্যাপ করে দেখে, রাস্তার উপর মাথা খোলা গাড়িতে, গলায় মালা পরে জোড় হাত করে দাঁড়িয়ে আছেন এম, এল, এ সাহেব। কোমরের গামছাটা তাড়াতাড়ি গলায় জড়িয়ে হাত জোড় করে গজা এগিয়ে গিয়ে বলে "এ..ঞ্জে.. আজ কি সৌভাগ্য আমার। এতদিন আপনার ছবিটাই দেখেছি, আজ সচক্ষে দেখতে পেয়ে ধন্য হলুম কর্তা। একটুক্ জল-বাতাসা খেয়ে যান গরিবের ঘরে।" মহিলা প্রধান বললেন "বাড়ি বাড়ি ঢোকা এ।

খন সম্ভব নয়। তোমাদের বাড়ির বারোটা ভোট, সব কিন্তু এই চিহ্নতে দেওয়া চাই।" গজা বলে "এ..জ্ঞে.. আপনি গ্রামের প..র..ধা..ন হয়ে নিজে হুকুম করে গেলেন, এর অন্যথা করতে পারি?" তাদের বুথের সদস্যা, বললেন "তোমার বুড়ো বাবার জন্য টোটো পাঠিয়ে দেবো বুঝলে।" গজা হাঁ করে মাথা নাড়ে।

গজাননের বাবার কঠিন ব্যামো। পঞ্চায়েতের সদস্যা প্রায় আধঘন্টা বাদে বের হয়ে, সব শুনে রোগীকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দিলেন। বললেন "সরকারি হাসপাতালে এখন খুব ভাল চিকিৎসা হয়।" গজা বলে "একটা 'রো-গ-গা-ড়ী' র জোগাড় হলে বড় ভাল হয় দিদিমনি।" সদস্যা বললেন "আরে তোমার সাইকেল-ভ্যানটা নিয়ে বেরিয়ে পড়, হাসপাতাল থেকে ফেরার সময় দেখবো।" গজাননের বাবা স্থানীয় গ্রামীণ হাসপাতালে তিন দিনের সু-চিকিৎসার পরে মারা গেলেন। পঞ্চায়েতের সদস্যা বা দলের কেউ, এই তিন দিনে একটি বার খোঁজও নেয়নি। গজাননের জ্ঞাতিদের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরী হল ভিতরে ভিতরে।

হাসপাতাল চত্তরে হঠাৎ দলীয় পতাকা নিয়ে জনা চল্লিশেক যুবক হাজির। কেউ কিছু বোঝার আগেই একটা স্বর্গরথে গজার বাবাকে দলের পতাকায় সাজিয়ে নিয়ে এসে গোটা পাড়া ঘোরানো হলো। তিনি নাকি তাদের পার্টির প্রবীণ কর্মি/নেতা ছিলেন। একটা জমাটি শোকসভাও হল দুদিন পর। সকলেই তাকে অমর করে রাখতে এলাকায় পার্টির হাত শক্ত করার শপথ নিলেন। গজানন দালানে বসে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে আনমনে। তারাগুলোর মধ্যে কোন একটাকে দেখে মনে হয় ঐতো তার বাবা তার দিকে তাকিয়ে আছে। __ সে বসে বসে চোখের জল ফেলে, আর ভাবে আগামী ভোটে আর তো টোটো আসবেনা!

 

ভ্রমণ

কুমায়ূনের অফ-বিট ডেসটিনেশন

অনিন্দিতা সেন

                                   (বিনসর-ওয়াইল্ড লাইফ স্যাংক্চুয়ারী)

২০১৭ সালের এক বৃষ্টিভেজা সকালে রানীক্ষেতের কুমায়ূন বিকাশ নিগমের বাংলো থেকে আমাদের ইনোভা ছাড়ল। উদ্দেশ্য বিনসরের জঙ্গল, মে মাসের শেষ, তবুও হুট করে এমন অকাল বৃষ্টির প্রকোপে নাকাল হয়ে গতদিন রানীক্ষেতের কোন ভিউ পয়েন্টেই বিশেষ যাওয়া হয়নি। আমরা দুটি পরিবার এসেছি। বান্ধবী সোনালিকা দুঃখীর মত বলে উঠল,

-এ কি, আমরা কি কিছুই দেখব না!

ও কে আশ্বাস দিয়ে…

-সবুর কর বন্ধু, সবুরে মেওয়া ফলে…বলে একখানি সবজান্তা হাসি ছুঁড়ে দিয়ে ড্রাইভার জী কে বললাম,

- চৌবেটিয়া গার্ডেন অউর গল্ফ ক্লাব ঘুমাতে লে কে চলিয়ে!

আপেল বাগানে ঘুরতে ঘুরতে আরো অনেক গাছগাছালি দেখে বায়োলজীর টিচার হিসাবে ওখানকার কেয়ার টেকারের মাথা চিবিয়ে খেয়ে, গল্ফ ক্লাবের মাঠে পাইনের বনে স্লো মোশানে সিনেমাটিক স্টাইলে দিল ভরকে প্রচুর ফোটোসেশন করে নিলাম।

আবার পেট চুঁই চুঁই, অতএব যেতে যেতে পাহাড়ের ঢালে ধাপে ধাপে উঠে যাওয়া প্রাকৃতিক নৈসর্গের মাঝে একখানি রেস্তোরাঁ যেন আমাদেরই অপেক্ষায়। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে সোজা বিনসরের পথে গাড়ি ছুটল।

 অবশেষে বিকেল ৩ টে নাগাদ এসে পৌঁছলাম। পার্বত্য প্রকৃতির কোলে ২৪২০ মিটার উচ্চতায় নৈসর্গিক সৌন্দর্যে ভরা, একটি জনপদ, বহু পূর্বে যা ছিল আলমোড়ার চাঁদ রাজত্বের রাজধানী।

 কে.এম.ভি.এনের  জাঙ্গল গেস্ট হাউসে  আমাদের বুকিং আগে থেকেই করা ছিল, এসেই চা আর স্ন্যাকস এর পরে সূর্যাস্ত দেখতে বিস্তৃত ওপেন টেরাসে ছুটলাম। কিন্তু কপাল মন্দ, আকাশ ভরা মেঘ।  না দেখা গেল ঢেউখেলানো বরফে মোড়া শৃঙ্গ, না দেখা গেল অস্তরবির রোমান্টিক আলোয় রূপোলী শৃঙ্গের কারুকাজ! হতোদ্যম হয়ে গেলাম, গত রাতের অবিশ্রান্ত বৃষ্টির রেশ এখনো কাটেনি বোঝা গেল, সমস্ত কুমায়ূন রেঞ্জের পর্বতমালা আজ আর দেখা দেবেন না।

 বিনসর জিরো পয়েন্ট থেকে আগামীকাল একবার চেষ্টা করে দেখা যেতে পারে, এই বলে মনকে প্রবোধ দেয়া গেল।

 পরদিন সকাল সকাল তৈরী হয়ে ব্রেকফাস্ট সেরে পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম, ওয়াইল্ড লাইফ বার্ড স্যাংচুয়ারির উদ্দেশ্যে। আহা দেওদার পাইন, ওক আর রডোডেন্ড্রনে ভরা কি অপূর্ব নৈসর্গ!

 কে.এম ভি. এনের রেস্ট হাউস থেকে মোটামুটি ২ কিমি ট্রেক রুট, পাহাড়ের ঢাল বেয়ে উপরের দিকে উঠেছে বা নেমেছে, ছায়া ছায়া পথ, খুব একটা চড়াই নেই। কখনো যেন মনে হয় ডাউন হিলে চলেছি তো চলেছি!

 মাঝে মাঝে জল কাদায় পিছল পথ। হাতে একটি করে মোটা শক্ত লাঠি। আমরা চলেছি নিঃশব্দে, কারন এখানে বসবাস কারী পাখিদের বিরক্ত করা একেবারেই সমীচীন নয়।

 লেজঝোলা ট্রি ক্রীপার, নীল রঙের শিষ দেয়া থ্রাস, বাদামী বুকের কাঠঠোকরা, ধুসর ডানার ব্ল্যাক বার্ড, ধুসর মাথার ফ্লাই ক্যাচার, ভালচার প্রভূত প্রচুর পাখীর বাস।

 জঙ্গলের নৈঃশব্দ ও ঐকতান এখানে মিলেমিশে একাকার। এভাবেই ধীরগতিতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জিরো পয়েন্টে। সামনেই ওয়াচ-টাওয়ার, ধাপে ধাপে উঠে গেছে সিঁড়ি, উপরে উঠে এলাম।

 আহা এ কি দেখছি, আজ ঝকঝকে আকাশ, দূরে আকাশের মাথায়

  কূমায়ুন হিমালয়ের পার্বত্য রেঞ্জ, নীচের উপত্যকায় সবুজের গালচে আর চারিপাশে ওক-পাইনের ঘন জঙ্গল, পাহাড়ি ঝিঁঝিঁর একটানা সুর, শ্বাসরুদ্ধকর সৌন্দর্য্য! মনে থাকবে বহুদিন। ফেরার পথে বেশ কিছু পাখির দেখা পেলাম, খাবার সংগ্রহে ব্যস্ত।

 রেস্ট হাউসে ফিরে এসে গাড়িতে লাগেজ তুলে  চটপট তৈরী হয়ে নিলাম। বেরিয়ে পড়ব এবার, উদ্দেশ্য 'মিস্টি মাউন্টেইন'!

 

বিনোদন

 

জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার: বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক

শংকরপ্রসাদ গুড়িয়া

    বাংলা সিনেমার দুনিয়ায় নায়ক অনেকেই হয়েছেন, সুপারস্টারও এসেছেন অনেক। কিন্তু ‘মহানায়ক’ উপাধিটি আজও যেন একাই বহন করেন উত্তমকুমার। কারণ, তাঁর জনপ্রিয়তা শুধু বক্স অফিসে সীমাবদ্ধ ছিল না; তা ছড়িয়ে পড়েছিল বাঙালির জীবন, ভাষা ও সংস্কৃতিতে। মৃত্যুর চার দশকের বেশি সময় পরও তাঁর সিনেমা নতুন দর্শক আবিষ্কার করে, অভিনয় নিয়ে গবেষণা হয়, আর জন্মশতবার্ষিকীতে ফিরে এসেছে তাঁকে ঘিরে আবেগ। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু উত্তমকুমারের জাদু আজও ফুরায়নি।

    ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর উত্তর কলকাতার আহিরীটোলায় জন্ম তাঁর। জন্মনাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। সংসারের আর্থিক টানাপোড়েনের কারণে জীবিকার জন্য যোগ দেন পোর্ট কমিশনার্স অফিসে সাধারণ কেরানির চাকরিতে। কিন্তু চাকরির পাশাপাশি অভিনয়ের স্বপ্নকে কখনো বিসর্জন দেননি। ছোটবেলা থেকেই থিয়েটার ও যাত্রার প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। স্কুলের নাটক থেকে শুরু করে থিয়েটারের মহড়া—সবখানেই ছিল তাঁর নিয়মিত যাতায়াত। সেই ভালোবাসাই একদিন তাঁকে নিয়ে যায় রুপালি পর্দায়।

১৯৪৭ সালে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান ‘মায়াডোর’ ছবিতে। কিন্তু ছবিটি মুক্তিই পায়নি। এরপর ‘দৃষ্টিদান’, ‘কামনা’, ‘মর্যাদা’, ‘সহযাত্রী’, ‘নষ্টনীড়’, ‘সঞ্জীবনী’ ও ‘কার পাপে’—একের পর এক ছবি ব্যর্থ হয়। বারবার ব্যর্থতার কারণে স্টুডিওপাড়ায় তাঁকে নিয়ে বিদ্রূপ করা হতো। কেউ কেউ ডাকত ‘ফ্লপ মাস্টার জেনারেল’ বলে। অনেকেই ভেবেছিলেন, এই তরুণের অভিনয়জীবন হয়তো আর এগোবে না। কিন্তু তিনি থামেননি। প্রতিটি ব্যর্থতা তাঁকে আরও দৃঢ় করেছে।

এই কঠিন সময়েই তাঁর ওপর আস্থা রাখেন অভিনেতা পাহাড়ী সান্যাল। নির্মাতা নির্মল দে নতুন ছবি ‘বসু পরিবার’-এর নায়ক খুঁজছিলেন। তখন পাহাড়ী সান্যালই উত্তমকুমারের নাম প্রস্তাব করেন। নির্মাতা প্রথমে আপত্তি জানালেও পাহাড়ী সান্যাল তাঁকে আশ্বস্ত করেন। শুধু তা-ই নয়, অরুণ কুমারের বদলে ‘উত্তম’ নামটি ব্যবহারের পরামর্শও দেন।

সেই সিদ্ধান্তই বদলে দেয় বাংলা সিনেমার ইতিহাস। ‘বসু পরিবার’ সফল হয়, আর ১৯৫৩ সালে সুচিত্রা সেনকে নিয়ে মুক্তি পাওয়া ‘সাড়ে চুয়াত্তর’ তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। জন্ম নেয় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি। নায়ক উত্তমকুমার হয়ে ওঠেন মহানায়ক উত্তমকুমার।

এরপর আর ফিরে তাকাতে হয়নি। তিন দশকের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন প্রায় ২০০টির বেশি চলচ্চিত্রে। অভিনেতার পাশাপাশি ছিলেন পরিচালক, প্রযোজক ও সুরকার। সুচিত্রা সেনের সঙ্গে ২৯টি এবং সুপ্রিয়া দেবীর সঙ্গে সর্বাধিক ৩২টি ছবিতে অভিনয় করেন। ‘হারানো সুর’, ‘সপ্তপদী’, ‘নায়ক’, ‘চিড়িয়াখানা’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘গৃহদাহ’, ‘অমানুষ’ ও ‘আনন্দ আশ্রম’সহ অসংখ্য চলচ্চিত্রে তাঁর অভিনয় আজও বাংলা সিনেমার মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

তবে হিন্দিতে ‘ছোটি সি মুলাকাত’ ইত্যাদি কয়েকটি ছবি করলেও দর্শকদের কাছে জনপ্রিয়তা পাননি।

তপন সিংহের ‘ঝিন্দের বন্দি’, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ও ‘চিড়িয়াখানা’য় (ব্যোমকেশ বক্সীরূপে) তাঁর অভিনয় তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। স্বতঃস্ফূর্ত অভিনয়, ম্যানারিজম, অসামান্য হাসি এবং বহুমাত্রিক চরিত্রায়ণের দক্ষতা তাঁকে বাঙালির নায়ক থেকে মহানায়কে রূপান্তরিত করে।

তাঁর অভিনয়ের শক্তি ছিল স্বাভাবিকতায়। সংলাপ বলার ধরন, চোখের ভাষা, হাসি, নীরবতা—সবকিছুই ছিল এতটাই সহজ যে দর্শক চরিত্রটিকেই সত্যি বলে বিশ্বাস করতেন। এ কারণেই তিনি শুধু তাঁর সময়ের দর্শকের নন, আজকের প্রজন্মের কাছেও সমান প্রাসঙ্গিক।

সত্যজিৎ রায় বলেছিলেন, তাঁর মতো তারকা আর হবে না। সুচিত্রা সেনের মতে, তিনি ছিলেন অসাধারণ শিল্পী, যদিও তাঁর প্রতিভার পুরোটা ব্যবহার করা হয়নি। আর নিজের অভিনয়দর্শন সম্পর্কে উত্তমকুমার বলেছিলেন, তিনি কখনো সাজানো বা কৃত্রিম অভিনয়ে বিশ্বাস করতেন না; মানুষের স্বাভাবিক জীবনযাপন থেকেই চরিত্রকে তুলে ধরতে চাইতেন।

যথেষ্ট সংগ্রাম করেই তিনি অভিনেতা থেকে নায়ক, আবার নায়ক থেকে মহানায়ক হতে পেরেছিলেন। তাঁর আত্মজীবনী ‘আমার আমি’-তে তিনি বলেছেন—

 

“আমার চারপাশে ঘন অন্ধকার। নিকষ কালো অন্ধকার। আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছি একটি আলোকিত বৃত্তের মাঝখানে। পরিক্রমা করে চলেছি একটি উজ্জ্বলতম পটভূমি। আমি জানি, স্থির জানি, এই আলো, উজ্জ্বলতা কিছুই দীর্ঘস্থায়ী নয়। সেই আলো যে কোন মুহূর্তে নিভে যেতে পারে। আমাকে নিক্ষেপ করতে পারে আরও গভীরে। গভীরতর অন্ধকারে। অথচ আমার চারপাশের এই ঘন অন্ধকারের ওপারেই আছে বিরাট এক আলোর জগৎ। সে আলো মেকী নয়। কৃত্রিম নয়। সেই আলোর জগৎ থেকেই তো আমার আসা। এসেছিলাম অনেক অন্ধকার পেরিয়ে। কী ভয়ঙ্কর সেই অন্ধকারের মূর্তি।”

তাই আজও তাঁর জাদু ফুরায় না। কারণ, তিনি শুধু একজন সফল নায়ক নন, তিনি বাংলা চলচ্চিত্রের অভিনয়ভাষাই বদলে দিয়েছিলেন। তাঁর সিনেমা এখনো টিভিতে প্রচারিত হয়, ওটিটি প্ল্যাটফর্মে নতুন দর্শক খুঁজে পায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সংলাপ ও দৃশ্য নতুন করে ছড়িয়ে পড়ে। এখনও তাঁকে ঘিরে আলোচনা প্রমাণ করে উত্তমকুমার কোনো নির্দিষ্ট সময়ের নায়ক নন; তিনি বাংলা সিনেমার এক চিরন্তন উত্তরাধিকার।

উত্তমকুমারের সঙ্গে পূর্ব মেদিনীপুরেরও রয়েছে একটি স্মরণীয় যোগসূত্র। প্রসঙ্গত জানাই, ‘রাইকমল’ ও ‘ছোটি সি মুলাকাত’ ছবির শুটিংয়ের জন্য তিনি মহিষাদল রাজবাড়িতে এসেছিলেন। এছাড়াও ১৯৬৯ সালে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন। তাঁর এই আগমন ও উপস্থিতির স্মৃতিও আজও এই অঞ্চলের মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয়।

১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৪ বছর বয়সে কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন উত্তমকুমার। কিন্তু তাঁর প্রস্থান তাঁকে মানুষের মন থেকে মুছে দিতে পারেনি। আজও বাংলার মানুষের ভালোবাসা আর নতুন প্রজন্মের আগ্রহ যেন আবারও মনে করিয়ে দেয়—মহানায়ক উত্তমকুমারের কোনো সমাপ্তি নেই। তিনি বেঁচে আছেন তাঁর কালজয়ী সৃষ্টি আর কোটি দর্শকের হৃদয়ে।

মহানায়ক উত্তমকুমার—একটি নাম, একটি যুগ, একটি চিরন্তন আবেগ।


























একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ